spot_img

বিগব্যাশে মোস্তাফিজকে ঘিরে বিশেষ আয়োজন মেলবোর্নের

অবশ্যই পরুন

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বিশ্বজুড়ে দাপিয়ে বেড়ানো বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান এবার প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে (বিবিএল)। টুর্নামেন্টের ১৬তম আসরে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে মাঠে নামবেন ৩১ বছর বয়সী এই বাঁহাতি পেসার।

রেনেগেডসের নিয়মিত পেসার জেসন বেহরেনডর্ফ কাঁধের ইনজুরির কারণে পুরো আসর থেকে ছিটকে যাওয়ায় তার বিকল্প হিসেবে কাটার মাস্টার মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে মেলবোর্নের ফ্র্যাঞ্চাইজিটি। দলের পেস আক্রমণে বৈচিত্র্য আনতে এবং বিশেষ করে ডেথ ওভারে কার্যকরী বোলিংয়ের জন্য ফিজের ওপর পূর্ণ ভরসা রাখছে দলটি।

রেনেগেডসের নতুন কোচ লুক রঞ্চি জনি বেয়ারস্টো ও মাইকেল ব্রেসওয়েলের মতো তারকাময় স্কোয়াডে মোস্তাফিজের মতো পরীক্ষিত পারফর্মারকে যুক্ত করতে পেরে বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘ফিজ বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটে একজন প্রমাণিত ম্যাচ উইনার। পাওয়ারপ্লে এবং ডেথ ওভারে সমানভাবে উইকেট শিকারের তার যে সহজাত ক্ষমতা, আমাদের বোলিং আক্রমণে ঠিক এই জিনিসটিরই ঘাটতি ছিল।’

মোস্তাফিজকে দলে নেয়ার কারণ ব্যাখ্যা করেন রেনেগেডসের মহাব্যবস্থাপক ম্যাক্স অ্যাবট বলেন, “শুরু থেকেই সে আমাদের সংক্ষিপ্ত তালিকায় ছিল। ইনিংসের শেষ দিকে বোলিং করার মতো দক্ষতা ও বৈচিত্র্য তার আছে, যা অন্য কারও মধ্যে সচরাচর দেখা যায় না। বিশ্বের সেরা টি-টোয়েন্টি বোলারদের একজনকে আমাদের সঙ্গে পেয়ে আমরা রোমাঞ্চিত।”

বাংলাদেশি এই পেসারকে ঘিরে অস্ট্রেলিয়া প্রবাসী ও স্থানীয় সমর্থকদের মাঝে তৈরি হওয়া উন্মাদনা আরও বাড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে মেলবোর্ন রেনেগেডস। ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) রেনেগেডসের হোম ম্যাচগুলোতে গ্যালারির একটি নির্দিষ্ট অংশ রাখা হবে ‘ফিজ বে’ নামে।

আগামী ১ জানুয়ারি সিডনি সিক্সার্স এবং ১৬ জানুয়ারি মেলবোর্ন স্টার্সের বিপক্ষে ম্যাচে এই বিশেষ গ্যালারি উন্মুক্ত থাকবে। লাল-সবুজের সমর্থকদের এক ছাতার নিচে আনতে এবং মাঠে বসে খেলা উপভোগ করতে উৎসাহিত করতে প্রথম ২০০টি ফ্যামিলি টিকেটে ‘FIZZBAY’ প্রোমো কোড ব্যবহার করে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণাও দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৩৩১টি ম্যাচ খেলে মোস্তাফিজ শিকার করেছেন ৪২৩টি উইকেট। রেনেগেডসে যুক্ত হয়ে রোমাঞ্চিত তিনি, ‘মেলবোর্ন রেনেগেডসের হয়ে প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলতে আমি ভীষণ উদ্গ্রীব। এমসিজির মতো আইকনিক ভেন্যুকে হোম গ্রাউন্ড হিসেবে পাওয়াটা দারুণ এক অনুভূতি হবে। সতীর্থদের সঙ্গে যোগ দিতে এবং নিজের অভিজ্ঞতা দিয়ে দলের সাফল্যে অবদান রাখতে আমি প্রস্তুত।’

তবে আইএলটি-টোয়েন্টির ব্যস্ততার কারণে বিগ ব্যাশের উদ্বোধনী ম্যাচে পার্থ স্কোর্চার্সের বিপক্ষে খেলা হচ্ছে না মোস্তাফিজের। আগামী ২২ ডিসেম্বর সিডনি সিক্সার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিগ ব্যাশে তার অভিষেক হতে পারে। এরপর ১ জানুয়ারি এমসিজিতে সিডনি সিক্সার্স এবং ৪ জানুয়ারি মেলবোর্ন স্টার্সের বিপক্ষে ম্যাচগুলোতে তাকে একাদশে পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

সাকিব আল হাসান ও রিশাদ হোসেনের পর তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে খেলতে নামছেন মোস্তাফিজ। এবারও হোবার্ট হ্যারিকেন্সের হয়ে খেলবেন রিশাদ। তাদের এই অন্তর্ভুক্তি আসন্ন বিগ ব্যাশে বাংলাদেশি দর্শকদের আগ্রহ বহুলাংশে বাড়িয়ে দিয়েছে।

সর্বশেষ সংবাদ

আমেরিকানরা যুদ্ধের বিপক্ষে ভোট দিয়েছে: ইরানের প্রধান আলোচক

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বুধবার বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের জয়ের মধ্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ