প্রতিনিধি পরিষদের স্পিকার হওয়ার পথে হাকিম জেফরিস, যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে পারেন তিনি সিএনএনের ডিসিশন ডেস্কের পূর্বাভাস অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে ডেমোক্র্যাটরা। এর ফলে প্রতিনিধি হাকিম জেফরিসের ইতিহাসের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার পথ তৈরি হয়েছে।
৫৬ বছর বয়সী নিউইয়র্কের এই রাজনীতিক আনুষ্ঠানিকভাবে আগামী ৩ জানুয়ারির আগে স্পিকারের দায়িত্ব গ্রহণ করতে পারবেন না। এ পদে নির্বাচিত হতে হলে আগামী কয়েক সপ্তাহে নবনির্বাচিত প্রগতিশীল ও মধ্যপন্থী ডেমোক্র্যাটদের সমর্থন নিশ্চিত করতে হবে।
তবে দলের অভ্যন্তরে এ বিষয়ে খুব একটা সংশয় নেই যে, হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শেষ দুই বছরের শাসনামলে পুনরায় শক্তিশালী হয়ে ওঠা ডেমোক্র্যাটিক পার্টিকে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে নেতৃত্ব দেবেন জেফরিস।
অষ্টমবারের মতো প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন জেফরিস। ডেমোক্র্যাটিক পার্টির অভ্যন্তরে দ্রুত গুরুত্বপূর্ণ অবস্থানে উঠে আসেন তিনি। প্রতিনিধি পরিষদের নেতৃত্ব এবং প্রভাবশালী কংগ্রেশনাল ব্ল্যাক ককাসের গুরুত্বপূর্ণ নেতাদের সমর্থনও পেয়েছেন এই নিউইয়র্কের রাজনীতিক।
নাগরিক অধিকার আন্দোলনে তার নির্বাচনী এলাকার ঐতিহাসিক গুরুত্ব নিয়ে প্রায়ই কথা বলেন জেফরিস। বর্তমানে তাঁর প্রতিনিধিত্ব করা এলাকার কয়েকটি পাড়া একসময় শার্লি চিশলমের প্রতিনিধিত্বাধীন ছিল। শার্লি চিশলম ছিলেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত প্রথম কৃষ্ণাঙ্গ নারী।
২০২২ সালে ডেমোক্র্যাটিক পার্টির নেতা নির্বাচিত হওয়ার পর জেফরিস বলেছিলেন, আমি শার্লি চিশলমের মতো অনেক মানুষের অবদানের ওপর দাঁড়িয়ে আছি। সাধারণ আমেরিকানদের স্বার্থ এগিয়ে নিতে আমরা কাজ করে যাচ্ছি।
ওই সময়ও ইতিহাস গড়েছিলেন জেফরিস। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের যেকোনো কক্ষে কোনো প্রধান রাজনৈতিক দলের নেতৃত্ব দেওয়া প্রথম কৃষ্ণাঙ্গ আমেরিকান হয়েছিলেন তিনি।
উল্লেখ্য, যেদিন তাকে ডেমোক্র্যাটিক পার্টির নেতা নির্বাচিত করা হয়, সেদিন ছিল শার্লি চিশলমের ৯৮তম জন্মবার্ষিকী। সূত্র: দ্য হিল, সিএনএন

