spot_img

দেশজুড়ে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: আইজিপি

অবশ্যই পরুন

দেশজুড়ে অত্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।

পুলিশ মহাপরিদর্শক বলেন, দেশব্যাপী ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে অত্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। পূজা কমিটির সার্বিক সহায়তায় ও সুসমন্বিত পদক্ষেপের ফলেই এমন আইনশৃঙ্খলা পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে।

দেবী দুর্গার মতোই অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন পর্যন্ত এই শান্তিপূর্ণ পরিবেশ অব্যাহত থাকবে। এ সময় পূজাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া গুজবে কান না দিয়ে দেশবাসীকে সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি।

আইজিপি বলেন, ৫ আগস্ট পরবর্তী কঠিন পরিস্থিতিতে ছিনতাই, রাহাজানি ও ডাকাতির মতো ঘটনায় দেশের মানুষ যখন উদ্বিগ্ন ছিলেন, সেখান থেকে জনগণের সহায়তায় পুলিশ ঘুরে দাঁড়িয়েছে। সব অপশক্তি ও বৈষম্য দূর করে একটি সুখী, সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গঠনে পুলিশ কাজ করে যাচ্ছে।

এদিন পুলিশ মহাপরিদর্শক ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনকালে পূজা উদযাপন পরিষদের নেতারা জানান, বাংলাদেশ পুলিশ সব পূজামণ্ডপকে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে, এর ফলে সনাতন ধর্মাবলম্বীরা নিরাপদে ও নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারছেন। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ছাড়াও পূজা উদযাপন পরিষদের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

ঢাকায় আসছেন ফিফা সভাপতি ইনফান্তিনো

হঠাৎ করে বাংলাদেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভুটান যাওয়ার পথে...

এই বিভাগের অন্যান্য সংবাদ