দায়িত্ব নেওয়ার এক সপ্তাহও পার হয়নি, এরই মধ্যে বরখাস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেটি জাকারাইয়া। শুক্রবার (১৬ অক্টোবর) হোয়াইট হাউসের দুই কর্মকর্তা তার দায়িত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন। খবর রয়টার্সের।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে দায়িত্ব শুরুর পর পেশাগত যোগ্যতা ও কর্মদক্ষতা নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। যার ফলস্বরূপই তিনি বরখাস্ত হলেন বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার সাংবাদিকদের ট্রাম্প জানান, দায়িত্ব পালনের প্রথম কয়েক দিনে সংবাদমাধ্যমের কঠোর সমালোচনার মুখে জাকারাইয়াকে পদে থাকা নিয়ে পুনর্বিবেচনা করতে বলেছিলেন তিনি। ট্রাম্প বলেন, এই কাজের চাপ সামলাতে গিয়ে জাকারিয়া সুখী থাকতে পারবেন কি না, তা নিয়ে তার সংশয় ছিল।
সোমবার দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার প্রথম সংবাদ সম্মেলন করেন জাকারিয়া। এর পরপরই তার আইন পেশার যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। ট্রাম্প তাকে আইনজীবী হিসেবে পরিচয় করিয়ে দিলেও জাকারাইয়া বৃহস্পতিবার ফক্স নিউজকে জানান, তিনি বার পরীক্ষায় উত্তীর্ণ হননি। যুক্তরাষ্ট্রে আইন পেশায় কাজ করতে সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের বার কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন।
রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্য বা ওয়াশিংটন ডিসিতে জাকারাইয়ার আইনজীবী হিসেবে নিবন্ধিত থাকার নথি পাওয়া যায়নি। তার বরখাস্তের বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও জাকারিয়া ও হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের দুই সপ্তাহ আগে জাকারাইয়ার বিদায়ে গুরুত্বপূর্ণ একজন মুখপাত্র হারালেন ট্রাম্প। নতুন প্রেস সেক্রেটারি নিয়োগে তাড়াহুড়ো করছেন না বলে জানিয়েছেন তিনি।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে জাকারাইয়ার মেয়াদ ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত বলে ধারণা করা হচ্ছে। এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদে যোগাযোগবিষয়ক পরিচালক অ্যান্থনি স্কারামুচি মাত্র ১০ দিন দায়িত্ব পালন করেছিলেন।

