যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য উইসকানসিনের সাউক জেলায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে অঙ্গরাজ্যের ম্যাডিসন শহরের ডেলোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক এবং একটি শিশু রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
আনুমানিক ২৪ হাজার ফুট উচ্চতায় ওড়ার সময় উড়োজাহাজটির ডানায় বরফ জমতে শুরু করে। বিষয়টি জানিয়ে কন্ট্রোল রুমের কাছে নিচে নামার অনুমতি চান পাইলট। অনুমতি পাওয়ার পর উড়োজাহাজটি ডানদিকে ঘুরে দ্রুত নিচে নামতে থাকে।
একপর্যায়ে কন্ট্রোল রুমের সঙ্গে এর যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে সেটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার বিস্তারিত কারণ জানতে তদন্ত চলছে।
পুলিশ জানায়, ফিক্সড উইং পাইপার পিএ-৪৬ মডেলের বিমানটি দুর্ঘটনার আগে কাছের একটি এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেছিল। ওই কথোপকথন এবং দুর্ঘটনায় আবহাওয়া কোনো ভূমিকা রেখেছিল কিনা, তা তদন্তকারীরা খতিয়ে দেখছেন শেরিফ দফতর ও ফেডারেল এভিয়েশন প্রশাসন (এফএএ)।
তবে এ ঘটনায় ভূমিতে কোনো অবকাঠামোর ক্ষতি বা অন্য কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

