সুনামগঞ্জে আলোচিত শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাবিবুল্লা এ রায় দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন।
মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি সুনামগঞ্জের জগন্নাথপুরে নিখোঁজ হন প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জোৎস্না । পরদিন ১৭ ফেব্রুয়ারি স্থানীয় একটি ফার্মেসির ভেতর থেকে তার মরদেহের ৬ টুকরা উদ্ধার করে পুলিশ।
মামলার এজাহার অনুযায়ী, জগন্নাথপুরের একটি ফার্মেসিতে যাওয়ার পর নিখোঁজ হন শাহনাজ। পরে স্বজনরা খোঁজাখুঁজি করে ওই ফার্মেসিতে গিয়ে তার মরদেহের ৬টি টুকরো দেখতে পায়। এ ঘটনায় নিহতের ভাই হেলাল আহমদ বাদী হয়ে জিতেশ চন্দ্র গোপসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে সোমবার আদালত প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

