spot_img

বাণিজ্য সম্পর্ক জোরদারে ভারত সফরে সুইস প্রেসিডেন্ট গি পারমেলিন

অবশ্যই পরুন

বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরো জোরদার করতে তিন দিনের সফরে ভারত গেছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলিন। সোমবার (৫ অক্টোবর) নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও জনশক্তি চলাচলের সুযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। খবর এএফপি

তিন দিনের এই সফর এমন সময়ে হচ্ছে, যখন ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনের (ইএফটিএ) সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তির এক বছর পূর্ণ হয়েছে। সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড ও লিশটেনস্টাইন—এই চার দেশ ইএফটিএর সদস্য। চুক্তির আওতায় আগামী ১৫ বছরে ভারতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের লক্ষ্য রয়েছে ইএফটিএর।

চুক্তির ফলে শুল্ক কমানো হয়েছে। এতে ভারতীয় কোম্পানিগুলোর জন্য ইএফটিএভুক্ত চার দেশের বাজারে পণ্য রপ্তানি সহজ হবে। একই সঙ্গে ভারতেও ইউরোপীয় কোম্পানিগুলোর বাজারে প্রবেশের সুযোগ বাড়বে।

সোমবার এক সংবাদ সম্মেলনে সুইস প্রেসিডেন্ট গি পারমেলিন বলেন, তার এই সফর দুই দেশের সম্পর্কের আরো অগ্রগতির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তিনি বলেন, দুই দেশ একসঙ্গে যতটা পথ এগিয়েছে, তা উদ্‌যাপনের পাশাপাশি ভবিষ্যতের সম্পর্ক কীভাবে আরো এগিয়ে নেওয়া যায়, সেটিও গুরুত্বপূর্ণ। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে নয়াদিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক সম্মেলনে অংশ নিতে ভারত সফর করেছিলেন পারমেলিন।

এদিকে ইএফটিএর সঙ্গে বাণিজ্য চুক্তির ক্ষেত্রে পারমেলিনের ব্যক্তিগত সমর্থনের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যৌথ সংবাদ সম্মেলনে মোদি বলেন, ভারতের রপ্তানির জন্য সুইজারল্যান্ডের বাজারে প্রবেশাধিকার বাড়াতে এবং দুই দেশের মধ্যে বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মোদি বলেন, এসব উদ্যোগের ফলে সুইজারল্যান্ডে ভারতের কৃষিপণ্য, ওষুধ, বস্ত্র ও প্রকৌশল পণ্যের রপ্তানি বাড়বে।

পাশাপাশি বায়োটেকনোলজি, জীবনবিজ্ঞান, ব্যাংকিং, বিমা, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও টেকসই উন্নয়নসহ গুরুত্বপূর্ণ খাতে নতুন সুইস বিনিয়োগ আকৃষ্ট হবে।

দুই দেশের সরকার সোমবার জনশক্তি চলাচলসংক্রান্ত একটি চুক্তিও সই করেছে। মোদি বলেন, এর ফলে সুইজারল্যান্ডে ভারতীয় শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য আরো সুযোগ তৈরি হবে।

সর্বশেষ সংবাদ

খ্রিস্টান সম্প্রদায়ের অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

ধর্মের নামে বিভাজন ও সাম্প্রদায়িকতা নয়, খ্রিস্টান সম্প্রদায়সহ সব নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান...

এই বিভাগের অন্যান্য সংবাদ