নড়াইলের কালিয়ায় ডাকাতির মালামাল ভাগাভাগি ও মাদক ব্যবসায় বিরোধকে কেন্দ্র করে আরাফাত মোল্লা নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নড়াগাতী থানার দেবদুন গ্রামে এ ঘটনা ঘটে।
স্বজনরা জানায়, রাতে কয়েকজন আরাফাতকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তার চিৎকার শুনে পরিবারের লোকজন এগিয়ে গেলে তাদের ওপরও হামলা চালায় অভিযুক্তরা।
পরে, স্থানীয়রা আরাফাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, ডাকাতির মালামাল ভাগাভাগি ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে এলাকার কবির হোসেনের সাথে বিরোধ চলছিল আরাফাতের। ধারণা করা হচ্ছে, এর জেরে এই হত্যাকাণ্ড। এদিকে, নিহতের নামে ১০টির বেশি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

