spot_img

হরমুজ প্রণালির সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে: ট্রাম্প

অবশ্যই পরুন

বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির।

শনিবার (২৬ ‍সেপ্টেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, তেহরান এমন একটি চুক্তি করতে চায়, যার মাধ্যমে তারা দ্রুত হরমুজ প্রণালি খুলে দেবে। কারণ, ইরান ‘ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে’।

ট্রাম্প আরও বলেন, ‘আমি তাদের চুক্তি প্রত্যাখ্যান করছি।’ তার দাবি, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ইতোমধ্যেই ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে এবং সেখান দিয়ে ‘বিপুল পরিমাণ তেল’ যাচ্ছে।

তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ট্রাম্পের বক্তব্য তারা অবগত হয়েছেন। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মধ্যস্থতাকারীদের কাছ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার জন্য তেহরান অপেক্ষা করবে।

এর আগে শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘে সাংবাদিকদের আরাঘচি বলেছিলেন, প্রয়োজনীয় শর্তগুলো পূরণ হলে, একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব। তার মতে, এসব শর্ত জুনে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকে (এমওইউ ) উল্লেখ রয়েছে।

বিশ্বের মোট গ্যাস ও তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত যে গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়, সেই হরমুজ প্রণালি ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকেই কার্যত বন্ধ রয়েছে।

ট্রাম্প বলেন, ‘তারা একটি চুক্তি করতে চায়, এবং আমি মনে করি সেটা ভালো। আমিও চুক্তি করতে পছন্দ করি। কিন্তু ওই চুক্তি গ্রহণযোগ্য হবে না।’

এদিকে আরাঘচি বলেন, ট্রাম্প ‘অনেক ভালো বক্তব্য দিয়েছেন, পাশাপাশি অনেক পরস্পরবিরোধী বক্তব্যও দিয়েছেন, যা দুর্ভাগ্যজনকভাবে আমরা প্রায়ই শুনে থাকি।’

তিনি আরও বলেন, মধ্যস্থতাকারীদের ‘চূড়ান্ত মতামতের’ জন্য অপেক্ষা করবে তেহরান। এরপর সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন

সরকারের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ