জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে পাকিস্তানি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পাল্টা মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ ঘটনা ঘটে।
ভারত ও পাকিস্তানের মধ্যে সন্ত্রাসবাদসহ বিভিন্ন ইস্যুতে দীর্ঘদিনের বিরোধের মধ্যেই এই বাক্যবিনিময় হলো। এর এক দিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকেও সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগ নিয়ে প্রশ্ন করেছিলেন এক ভারতীয় সাংবাদিক।
শুক্রবার ভারত ও লাইবেরিয়ার উদ্যোগে ‘গ্রুপ অব ফ্রেন্ডস অন সেফটি অ্যান্ড সিকিউরিটি অব শিপিং অ্যান্ড সিফেয়ারার্স’ নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন জয়শঙ্কর ও লাইবেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সারা বেইসোলো নাইয়ান্তি।
বক্তব্য শেষে এক পাকিস্তানি সাংবাদিক জয়শঙ্করকে প্রশ্ন করেন, ‘ভারত সরকার কবে পাকিস্তানে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা বন্ধ করবে?’
জবাবে জয়শঙ্কর বলেন, ‘একটি সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে?’
এরপর জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হরিশ পার্বতানেনি ওই সাংবাদিককে বলেন, ‘আপনি আপনার উত্তর শুনেছেন। আপনার উত্তর স্পষ্টভাবেই দেওয়া হয়েছে।’ এরপর জয়শঙ্কর ও অন্য প্রতিনিধিরা সেখান থেকে চলে যান।
ঘটনার এক দিন আগে জাতিসংঘ সদর দপ্তরে প্রবেশের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে এক ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেন, ‘আপনারা কবে সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া বন্ধ করবেন?’ পরে বের হওয়ার সময় তাকে লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সাঈদকে বিচারের মুখোমুখি করার বিষয়েও প্রশ্ন করা হয়। দুই ক্ষেত্রেই শরিফ কোনো জবাব না দিয়ে চলে যান।
জাতিসংঘের এবারের অধিবেশনের সাইডলাইনেও ভারত-পাকিস্তানের মধ্যে সন্ত্রাসবাদ ইস্যুতে পারস্পরিক অভিযোগ-পাল্টা অভিযোগের বিষয়টি সামনে এসেছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি

