spot_img

ইমরান খানের বোন আলিমা খানকে আটকের অভিযোগ

অবশ্যই পরুন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন আলিমা খানকে আটক করা হয়েছে। এমনটাই অভিযোগ করেছে দলটি। তবে আলিমার আটকের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি পাকিস্তান সরকার। আগামী ২৭ সেপ্টেম্বর ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছে পিটিআই। এর আগে আটকের এই অভিযোগের ঘটনায় দেশটিতে উত্তাপ ছড়াতে পারে বলে মনে করা হচ্ছে।

সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন বলছে, ইমরান খানের বোন আলিমা খানকে লাহোরে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে পিটিআইয়ের সেন্ট্রাল পাঞ্জাব শাখা। একই সঙ্গে দলটির বিপুলসংখ্যক নেতাকর্মীকেও আটক করা হচ্ছে বলে অভিযোগ করেছে তারা। অন্যদিকে পরিবারের সূত্র জানিয়েছে, ব্যক্তিগত কাজে বাসা থেকে বের হওয়ার পর পুলিশ তার গাড়ি থামিয়ে তাকে, তার গাড়িচালক ও গাড়িটি হেফাজতে নেয়।

রোববার (২০ সেপ্টেম্বর) পিটিআই সেন্ট্রাল পাঞ্জাবের মুখপাত্র অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার মুশতাক বলেন, ‘দল আলিমা খানকে আটকের তীব্র নিন্দা জানাচ্ছে’। তিনি অভিযোগ করেন, পিটিআইয়ের বিরুদ্ধে চলমান দমন-পীড়নের অংশ হিসেবে বিপুলসংখ্যক নেতাকর্মীকে আটক করা হচ্ছে। মুশতাক আরও জানান, আলিমা খানকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। তিনি বলেন, ‘এই সরকার বিপ্লবের ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছে’।

এক্সপ্রেস ট্রিবিউন বলছে, পরিবারের পক্ষ থেকে আটকের খবর জানানোর কিছুক্ষণ পর পিটিআইয়ের পক্ষ থেকে এসব অভিযোগ করা হয়। পরিবারের সূত্রগুলো জানায়, ব্যক্তিগত একটি কাজে ক্যানাল রোডের বাসা থেকে জিমখানা ক্লাবের দিকে যাওয়ার সময় পুলিশ আলিমা খানের গাড়ি থামায়।

পরিবারের সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম জানিয়েছে, জিমখানা ক্লাবের দিকে যাওয়ার পথে পুলিশ তার গাড়ি থামিয়ে আলিমা খান, তার গাড়িচালক এবং গাড়িটি নিজেদের হেফাজতে নেয়। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, জোহরের নামাজ আদায় করে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ২০ মিনিটের মধ্যে তিনি বাসা থেকে বের হন।

পরিবারের সূত্র আরও জানায়, পরে তাকে লিটন রোডের দিকে নিয়ে যাওয়া হয়। ধারণা করা হচ্ছে, এমপিও আইনের আওতায় তাকে কোট লাখপত কারাগারে পাঠানো হতে পারে। তবে আলিমাকে যে এলাকা থেকে আটক করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে, সেটি লিটন রোড থানার আওতাধীন নয়।

এক্সপ্রেস ট্রিবিউন বলছে, আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের পূর্বষোষিত লং মার্চের এক সপ্তাহ আগে আলিমা খানের আটকের এই খবর এলো। ইমরান খানকে মুক্তি দেয়ার দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে ওই লং মার্চের ঘোষণা দিয়েছে পিটিআই।

ইসলামাবাদ অভিমুখে এই লং মার্চের জন্য খাইবার পাখতুনখাওয়া থেকে একটি কেন্দ্রীয় বহর প্রস্তুত করা হচ্ছে। দেশের অন্যান্য অঞ্চল থেকেও বিভিন্ন বহর এতে যোগ দিয়ে পরে রাজধানী ইসলামাবাদের দিকে যাওয়ার কথা রয়েছে।

আর লং মার্চকে ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এ ধরনের কোনো লং মার্চকে ইসলামাবাদে প্রবেশ করতে দেয়া হবে না।

এদিকে আলিমা খানকে আটকের ঘটনায় নিন্দা জানিয়েছেন পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান। তিনি বলেন, এ ঘটনা পরিস্থিতির আরও অবনতির দিকে নিয়ে যাবে।

গওহর বলেন, ‘আমাদের লং মার্চ শান্তিপূর্ণ ও রাজনৈতিক হবে। আমরা কোনো ধরনের সংঘাত বা সহিংসতা চাই না’। তিনি বলেন, সাংবিধানিক ও রাজনৈতিক দাবিগুলো আদায়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়াই দলের লক্ষ্য।

গওহর আরও বলেন, আলিমা খানকে আটক করা বা এমপিও আইনের আওতায় তাকে হেফাজতে নেয়া উত্তেজনা আরও বাড়াবে। তিনি সরকারকে এ ধরনের পদক্ষেপ অবিলম্বে বন্ধ করে আলিমাকে মুক্তি দেয়ার আহ্বান জানান। পাশাপাশি এসব পদক্ষেপের বিরুদ্ধে দল কী ধরনের কর্মসূচি নেবে, তা শিগগিরই ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

তবে আলিমা খানকে আটকের বিষয়ে তাৎক্ষণিকভাবে শেহবাজ শরিফের সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা অস্বীকার করা হয়নি।

সর্বশেষ সংবাদ

বাণিজ্য, কর্মসংস্থান ও শিক্ষায় সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-কিরগিজস্তান

বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং শ্রম গতিশীলতায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে একমত হয়েছে বাংলাদেশ ও কিরগিজস্তান। বিশেষ করে মধ্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ