স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার। জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে।
আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) বগুড়ার শিবগঞ্জ গ্রামার স্কুল অ্যান্ড কলেজ এবং বেতগাড়ি মীর শাহে আলম বালিকা উচ্চ বিদ্যালয়ে দুটি স্কুল বাস প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ সব কথা বলেন।
এর আগে, তিনি আনুষ্ঠানিকভাবে বাস দুটির চাবি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের হাতে তুলে দেন।
প্রতিমন্ত্রী এ সময় বলেন, শিক্ষার সুযোগ ও মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রত্যন্ত ও গ্রামীণ এলাকার শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে বিদ্যালয়ে যাতায়াত করতে পারে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
বাস প্রদান অনুষ্ঠানের পর উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে একটি মানবিক মুহূর্ত।
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়ন থেকে জিপিএ-৫ অর্জনকারী মেধাবী শিক্ষার্থী মাহফুজের সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মাহফুজের জীবনের গল্প যেমন বেদনার, তেমনি তার সাফল্য অনুপ্রেরণার। পঞ্চম শ্রেণিতে পড়ার সময় এক দুর্ঘটনায় একটি পা হারালেও শারীরিক প্রতিবন্ধকতা তার পড়াশোনা ও স্বপ্নকে থামিয়ে দিতে পারেনি। দৃঢ় মনোবল, অধ্যবসায় ও মেধার জোরে এবারের এসএসসি পরীক্ষায় সে জিপিএ-৫ অর্জন করেছে।
সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী মাহফুজের কাছ থেকে তার স্বপ্ন, ভবিষ্যৎ পরিকল্পনা ও পড়াশোনার বিষয়ে জানতে চান। তার জীবনের সংগ্রাম ও শারীরিক কষ্টের কথা শুনে প্রতিমন্ত্রী তাকে উৎসাহিত করেন এবং তার পাশে থাকার আশ্বাস দেন। মাহফুজের জন্য নিজের তহবিল থেকে একটি কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেওয়ার উদ্যোগ নেন তিনি। একইসঙ্গে তার ভবিষ্যৎ পড়াশোনার সব খরচের দায়িত্বও গ্রহণ করেন।
প্রতিমন্ত্রী বলেন, মেধা ও ইচ্ছাশক্তির কাছে কোনো প্রতিকূলতাই বড় নয়। মাহফুজের সাফল্য আমাদের সবার জন্য অনুপ্রেরণা। তার স্বপ্নপূরণের পথে আমরা পাশে থাকতে চাই। সূত্র: বাসস

