শুরুটা মোটেও সহজ ছিল না। নেইমারের স্ত্রী ব্রুনা বিয়ানকার্দি ও তার সাবেক প্রেমিকা ক্যারল দান্তাসের সম্পর্ক এখন বেশ ভালো। এমনকি নেইমারের সন্তানদের নিয়ে একসঙ্গে রান্নাও করছেন তারা। সম্প্রতি রান্নার এক অনুষ্ঠানে নিজেদের সম্পর্কের শুরুর দিকের সেই অস্বস্তির কথা জানিয়েছেন দুজন।
সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানে ব্রুনার সঙ্গে যোগ দেন নেইমারের বড় ছেলে দাভি লুকার মা ক্যারল। দুজন মিলে তৈরি করেন রুটি। অনুষ্ঠানের পেছনের দৃশ্যে অল্প সময়ের জন্য দেখা যায় ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমারকেও।
তবে রান্নার চেয়ে তাদের কথোপকথনই বেশি নজর কেড়েছে। ব্রুনা জানান, নেইমারের সঙ্গে তার সম্পর্কের শুরুতে ক্যারল তাকে খুব একটা পছন্দ করতেন না। কারণ, তখন ক্যারল জানতেন না নেইমার ও ব্রুনার সম্পর্ক কতটা ঘনিষ্ট। তবে সময়ের সঙ্গে বদলে যায় পরিস্থিতি।
নেইমারের স্ত্রী ও সাবেক প্রেমিকাকে ঘিরে বিভিন্ন সময়ে নানা গুঞ্জন ছড়ালেও দুজনই জানিয়েছেন, তাদের মধ্যে কখনো ঝগড়া হয়নি। বরং তাদের নিয়ে কোনো গুঞ্জন সামনে এলে বিষয়টি অন্য কারও কাছ থেকে শোনার অপেক্ষা করেন না তারা। সরাসরি একে অপরের সঙ্গে কথা বলে সত্যিটা জেনে নেন।
শুরুর সেই অস্বস্তি এখন অনেকটাই অতীত। সম্পর্কটা এমন পর্যায়ে পৌঁছেছে যে, দুজন একসঙ্গে রান্না করেন, পুরোনো দিনের কথা মনে করে আড্ডায় মাতেন। সন্তানদের ঘিরেও তাদের মধ্যে তৈরি হয়েছে সুন্দর এক পারিবারিক সম্পর্ক।
অন্যদিকে বর্তমানে চোটের কারণে কঠিন সময় পার করছেন নেইমার। পালমেইরাসের বিপক্ষে সান্তোসের হয়ে খেলার সময় ডান উরুতে চোট পান ব্রাজিলিয়ান তারকা। বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন তিনি। ধারণা করা হচ্ছে, চোটের কারণে প্রায় ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে এই ফরোয়ার্ডকে।

