spot_img

বৈদেশিক মুদ্রাবাজারের লেনদেন অটোমেশনে বাংলাদেশ ব্যাংকের নতুন সিস্টেম চালু

অবশ্যই পরুন

দেশের অভ্যন্তরীণ বৈদেশিক মুদ্রাবাজারে লেনদেন আরও দক্ষ, স্বচ্ছ ও নির্ভুল করতে নতুন ইলেকট্রনিক সিস্টেম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। ‘Foreign Exchange Market (FXM) Module’ নামে এই সিস্টেমটি কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব জনবলের মাধ্যমে উন্নয়ন করা হয়েছে।

রিয়েল টাইম ভিত্তিতে বৈদেশিক মুদ্রার লেনদেন, নির্ভুল রেফারেন্স রেট প্রস্তুত এবং বাজারসংক্রান্ত তথ্যের যথার্থতা ও স্বচ্ছতা নিশ্চিত করাই এই সিস্টেম চালুর মূল উদ্দেশ্য।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) FXM সিস্টেমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, এফসিএমএ। উদ্বোধনী অনুষ্ঠানে ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ এবং ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-১-এর পরিচালক এ. কে. এম. রমিজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংক জানায়, অভ্যন্তরীণ বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক সময় সময় FX Intervention Auction আয়োজন করে। পাশাপাশি আন্তব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে স্পট, ফরোয়ার্ড ও সোয়াপ লেনদেনও করে সংশ্লিষ্ট ব্যাংকগুলো।

এ ছাড়া গ্রাহক পর্যায়ে আমদানি, রপ্তানি ও রেমিট্যান্সসহ বিভিন্ন বৈদেশিক মুদ্রা লেনদেনের তথ্য ব্যাংকগুলোর কাছ থেকে সংগ্রহ করে রেফারেন্স রেট প্রস্তুত করা হয়। এই রেট প্রতিদিন দুইবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এতদিন এসব কার্যক্রম ম্যানুয়াল পদ্ধতিতে পরিচালিত হতো। নতুন FXM সিস্টেম চালুর ফলে এসব কার্যক্রম অটোমেশনের আওতায় আসবে।

কেন্দ্রীয় ব্যাংকের ভাষ্য, অটোমেশনের ফলে বৈদেশিক মুদ্রার লেনদেন রিয়েল টাইম ভিত্তিতে সম্পাদন করা সম্ভব হবে। একই সঙ্গে নির্ভুল রেফারেন্স রেট প্রস্তুত এবং সংশ্লিষ্ট তথ্যের যথার্থতা, স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করা যাবে।

এর ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা ও কার্যক্রমের গতি বাড়বে। পাশাপাশি ব্যাংকগুলোর তারল্য ও ঝুঁকি ব্যবস্থাপনাও আরও সহজ হবে।

অন্যদিকে, রিয়েল টাইম ভিত্তিতে বাজারসংক্রান্ত তথ্য পাওয়ায় বাংলাদেশ ব্যাংকের বাজার তদারকি বা ‘Market Surveillance’ কার্যক্রম আরও জোরদার হবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক সময়োপযোগী ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে পারবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, FXM সিস্টেম ব্যবহারের সুবিধার্থে এর ব্যবহারবিধি ও কার্যপ্রণালি নিয়ে ‘Operational Guidelines’ প্রণয়ন করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যাংকগুলোর অবগতির জন্য এ বিষয়ে ইতোমধ্যে একটি সার্কুলারও জারি করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, বৈদেশিক মুদ্রাবাজারের কার্যক্রম অটোমেশনের ফলে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ার পাশাপাশি বাজার ব্যবস্থাপনা ও নীতিনির্ধারণে আরও কার্যকর ভূমিকা রাখবে নতুন এই ব্যবস্থা।

সর্বশেষ সংবাদ

বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কমলে দেশের বাজারেও দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ...

এই বিভাগের অন্যান্য সংবাদ