যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ, সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং সৃজনশীল মেধার বিকাশের লক্ষ্যে কেবল প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এ নোটিশ পাঠান।
মন্ত্রীপরিষদ সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যানকে নোটিশের বিষয়ে অবহিত করা হয়েছে।
আইনি নোটিশে বলা হয়, দেশের বর্তমান নাটক ও চলচ্চিত্র শিল্পে প্রেম ও অতিরিক্ত রোমান্টিক কনটেন্টের আধিক্য দেখা যাচ্ছে। এসব কনটেন্টের ক্রমাগত সম্প্রচারের ফলে সাংস্কৃতিক ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে। এতে যুবসমাজ ও শিক্ষার্থীরা পড়াশোনা ও ক্যারিয়ারের প্রতি অমনোযোগী হয়ে পড়ছে বলেও নোটিশে দাবি করা হয়েছে।
এতে আরও বলা হয়, কিছু নাটক ও সিনেমায় পরকীয়া ও বিবাহবহির্ভূত সম্পর্ককে স্বাভাবিক ও মহিমান্বিত করে উপস্থাপন করা হচ্ছে। এর ফলে সমাজের প্রচলিত নৈতিক কাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
আইনজীবী নোটিশে সংবিধানের ২১(১), ২৩ ও ৩৯ অনুচ্ছেদের কথা উল্লেখ করে বলেন, সামাজিক শৃঙ্খলা ও জাতীয় সংস্কৃতি রক্ষার পাশাপাশি বাক ও ভাবপ্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে শালীনতা ও নৈতিকতার স্বার্থে যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপের সুযোগ রয়েছে।
নোটিশে কেবল প্রেমভিত্তিক নাটক ও সিনেমার ওপর কঠোর বিধিনিষেধ আরোপের পাশাপাশি বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, মুক্তিযুদ্ধ ও প্রতিরক্ষাভিত্তিক চলচ্চিত্র ও নাটক নির্মাণ ও সম্প্রচারে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।
সংশ্লিষ্টদের আগামী ১০ দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নিয়ে তা নোটিশদাতাকে অবহিত করতে বলা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ পদক্ষেপ নেওয়া না হলে জননৈতিকতা ও জাতীয় সংস্কৃতি রক্ষায় সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে বলে নোটিশে জানানো হয়েছে।

