spot_img

কোরিয়া মুক্তি দিবসে কিম-পুতিনের গভীর সম্পর্কের অঙ্গীকার

অবশ্যই পরুন

কোরীয় উপদ্বীপে জাপানের ঔপনিবেশিক শাসনের অবসানের ৮১তম বার্ষিকীতে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। রোববার (১৬ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এ তথ্য জানিয়েছে।

শনিবার (১৫ আগস্ট) কোরিয়ার মুক্তি দিবস উপলক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাঠানো শুভেচ্ছাবার্তার জবাবে কিম বলেন, দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তিনি আশাবাদী। ন্যায়বিচারের জন্য যৌথ সংগ্রামের ইতিহাস ও বন্ধুত্বের মূল্যবান ঐতিহ্যের ওপর দাঁড়িয়ে এ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পুতিনও দুই দেশের সম্পর্কের ঐতিহাসিক বন্ধনের কথা তুলে ধরেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের বিরুদ্ধে সোভিয়েত সেনাদের লড়াইয়ের মধ্য দিয়ে এই বন্ধন গড়ে উঠেছিল উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতেও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত থাকবে।

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে সাম্প্রতিক বছরগুলোতে পিয়ংইয়ং ও মস্কোর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। রাশিয়ার হয়ে যুদ্ধে উত্তর কোরিয়ার সেনা ও অস্ত্র মোতায়েনের মধ্য দিয়ে কয়েক দশকের মধ্যে আন্তর্জাতিক কোনো সংঘাতে পিয়ংইয়ংয়ের সবচেয়ে বড় সামরিক সম্পৃক্ততা দেখা গেছে।

এদিকে মুক্তি দিবসের অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং উত্তর কোরিয়ার সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষ্যে সংলাপের আহ্বান জানিয়েছেন। ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধের যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তি ব্যবস্থায় রূপ দেওয়ার পাশাপাশি, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়েও আলোচনার প্রস্তাব দেন তিনি।

তবে পিয়ংইয়ং এর আগে লির এমন উদ্যোগ প্রত্যাখ্যান করেছে এবং যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে উসকানি হিসেবে সমালোচনা করেছে।

উল্লেখ্য, ১৯১০ সালে জাপানের দখলে যাওয়ার পর ১৯৪৫ সালের ১৫ আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের মধ্য দিয়ে ৩৫ বছর পর জাপানি ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পায় কোরিয়া।

সর্বশেষ সংবাদ

ব্রুনাইয়ের সুলতানের পুত্রবধূর রাজকীয় খেতাব বাতিল

ব্রুনাইয়ের সুলতান তার পুত্রবধূর সব রাজকীয় খেতাব কেড়ে নিয়েছেন। রাজপরিবারের একজন সদস্য হিসেবে তার আচরণ ‘শোভনীয় নয়’ বলে অভিযোগ...

এই বিভাগের অন্যান্য সংবাদ