গত কয়েক দিন ধরেই টালিপাড়ায় চলছে জোর গুঞ্জন—অভিনেতা বনি সেনগুপ্ত ও অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ের সম্পর্কে নাকি ভাঙনের সুর। পর্দায় বনি ও অঙ্গনা রায়ের রসায়ন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা থেকেই ছড়ায় এ জল্পনা। তবে সব গুঞ্জনে যেন এক নিমেষেই পানি ঢেলে দিলেন কৌশানি।
বনির জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক আদুরে ছবি পোস্ট করে প্রেমিককে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রী। তার আবেগঘন বার্তায় স্পষ্ট, দীর্ঘদিনের এই সম্পর্কে আপাতত ভাঙনের কোনো ইঙ্গিত নেই।
বনিকে বাহুডোরে জড়িয়ে ধরা বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন কৌশানি। ছবিগুলোতে দুজনকে জমকালো পোশাকে একে অপরের চোখে চোখ রেখে রোমান্টিক মুহূর্তে দেখা গেছে।
পোস্টের ক্যাপশনে কৌশানি লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার সবকিছু! তুমি সেই একজন, যাকে আমি কখনো হারাতে চাই না। তোমার সঙ্গে জীবনের সেরা মুহূর্তগুলো এভাবে বেঁচে যেতে চাই। আমাদের আত্মার এই ম্যাজিক্যাল বন্ধন সত্যিই ভাঙার নয়।’
তিনি আরও লেখেন, ‘পরিস্থিতি যাই আসুক না কেন, জীবন তোমাকে যেখানেই নিয়ে যাক, মনে রেখো তোমার এ পার্টনার সবসময় তোমার পাশে থাকবে। চলো দুজনে মিলে বিশ্ব জয় করি—হ্যাপি বার্থডে মাই লাভ।’
কৌশানির এই পোস্ট প্রকাশ্যে আসতেই বনির সঙ্গে তার বিচ্ছেদের গুঞ্জন অনেকটাই স্তিমিত হয়ে যায়। বরং দীর্ঘদিনের প্রেম যে এখনো অটুট, সেটিই যেন প্রকাশ পেয়েছে অভিনেত্রীর এই আবেগঘন শুভেচ্ছাবার্তায়।
এক দশকের প্রেম
বনি-কৌশানির প্রেমের শুরু ২০১৫ সালে ‘পারবো না আমি ছাড়তে তোকে’ সিনেমার হাত ধরে। এরপর দেখতে দেখতে কেটে গেছে প্রায় এক দশক। দীর্ঘ এই সময়ে একে অপরকে আগলে রেখেছেন তারা।
সম্পর্কের শুরু থেকেই নিজেদের প্রেম নিয়ে খুব একটা রাখঢাক করেননি বনি ও কৌশানি। ‘আমরা শুধু বন্ধু’—এমন দাবি কখনোই তাদের মুখে শোনা যায়নি। বরং বিভিন্ন সময়ে প্রকাশ্যেই নিজেদের ভালোবাসার কথা জানিয়েছেন তারা।
সম্প্রতি বনি ও অঙ্গনা রায়ের পর্দার রসায়ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়। এমনকি অঙ্গনার সঙ্গে বনির ঘনিষ্ঠ দৃশ্য ঘিরে কৌশানির ‘অভিমান’ নিয়েও গুঞ্জন ছড়ায়। তবে বনির জন্মদিনে কৌশানির প্রকাশ্য ভালোবাসার বার্তা সেই জল্পনায় আপাতত ইতি টেনেছে।
কৌশানির পোস্টে মন্তব্যের ঘরে বনিকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এই জনপ্রিয় জুটির জন্য ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন ভক্তরা। অনেকেরই কৌতূহল—বিয়ে কবে করছেন তারা?
তবে আপাতত বনি ও কৌশানির মূল ফোকাস ক্যারিয়ারে। নিজেদের পেশাগত ব্যস্ততা ও ভবিষ্যৎ পরিকল্পনা গুছিয়ে নেওয়ার পরই বিয়ের সিদ্ধান্ত নিতে চান এই তারকা জুটি। তাই ভক্তদের অপেক্ষা এখন সেই মাহেন্দ্রক্ষণের।

