spot_img

বাঘের জোলঘাদরকে রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিলেন ইরানের সুপ্রিম লিডার

অবশ্যই পরুন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতাবা খামেনির রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদর।

সোমবার (১০ আগস্ট) এক ঘোষণায় তাকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়। এর মধ্য দিয়ে ইরানের সর্বোচ্চ নেতৃত্বের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় জোলঘাদরের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠল।

মোহাম্মদ বাঘের জোলঘাদর বর্তমানে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতীয় নিরাপত্তা ও কৌশলগত নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ এই পদে থাকার পাশাপাশি এখন তিনি সর্বোচ্চ নেতার রাজনৈতিক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করবেন।

ইরানের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতে সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্যেই জোলঘাদরকে নতুন এই দায়িত্ব দেওয়া হলো।

এদিকে, দেশটির সুপ্রিম লিডার মুজতাবা খামেনির জনসম্মুখে থাকা ছবি শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। মার্চে সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তার জনসম্মুখের ছবি প্রকাশ করা হতে যাচ্ছে।

ইরানের সরকারি সংবাদ সংস্থা মিজান নিউজ এজেন্সিকে দেওয়া বক্তব্যে বাসিজ অর্গানাইজেশনের উপপ্রধান কাসেম কোরাইশি এ তথ্য জানিয়েছেন

কোরাইশির বরাত দিয়ে মিজান জানিয়েছে, ভবিষ্যতে মুজতাবা খামেনির এমন ছবি প্রকাশ করা হবে, যেখানে তাকে সাধারণ মানুষের সঙ্গে রাস্তায় এবং সশস্ত্র বাহিনীর কমান্ডারদের সঙ্গে বৈঠকে দেখা যাবে।

এর আগে, শনিবার (৮ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম মুজতাবা খামেনির একটি পুরোনো ভিডিও প্রকাশ করে। মার্চে তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল তার প্রথম প্রকাশ্য ভিডিও।

ভিডিওটিতে একদল মানুষের সামনে ধর্মীয় শিক্ষা দিতে দেখা যায় মুজতাবা খামেনিকে। তবে ভিডিওটি কবে ধারণ করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি রাষ্ট্রীয় গণমাধ্যম। ভিডিওর দৃশ্য দেখে ধারণা করা হচ্ছে, এটি ইরানে যুদ্ধ শুরুর আগের সময়ের।

মুজতাবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে কয়েক মাস ধরেই নানা প্রশ্ন ও জল্পনা রয়েছে। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার সময় তিনি আহত হয়েছিলেন কি না, তা নিয়েও আলোচনা রয়েছে।

খামেনি জুনিয়র সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার সময় সিএনএনের সঙ্গে কথা বলা কয়েকটি সূত্র জানিয়েছিল, হামলার প্রথম দিনেই তার পায়ে হাড় ভেঙে যায়। একই সময় মুখে সামান্য কেটে যাওয়ার আঘাতও পেয়েছিলেন তিনি বলে দাবি করা হয়েছিল।

তবে সম্প্রতি প্রকাশিত ভিডিওতে তার শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন দেখা যায়নি।

এদিকে, রোববার (৯ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন মুজতাবা খামেনি। বৈঠকে দেশের সামরিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১১টায় বাংলাদেশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ