নিজেকে ‘কট্টর হিন্দু’ বলে দাবি করে দেয়া সাম্প্রতিক মন্তব্যের জেরে আবারও আলোচনার কেন্দ্রে বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। তবে এবার তার সমালোচনার কারণ বর্তমান কোনো মন্তব্য নয়, বরং সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি পুরোনো ভিডিও। সেখানে তাকে হাস্যরসের ছলে একজন ‘পাকিস্তানি বর’ চাওয়ার কথা বলতে দেখা গেছে। ভিডিওটি সামনে আসতেই নেটিজেনদের একাংশ অভিনেত্রীকে ‘দ্বিচারিতার’ অভিযোগে কাঠগড়ায় তুলেছেন।
সম্প্রতি কঙ্গনা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে একজন ‘কট্টর হিন্দু’ হিসেবে উল্লেখ করে একটি ভিডিও প্রকাশ করেন। একই সঙ্গে নাম উল্লেখ না করেই বলিউডের এক অভিনেত্রীকে ইঙ্গিত করে বলেন, কিছু তারকা বিয়ের আগে ধর্ম ও রাজনীতি নিয়ে নিরপেক্ষ থাকলেও একজন মুসলিমকে বিয়ে করার পর বামপন্থী হয়ে যান। অনেকেই মন্তব্যটি অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে উদ্দেশ্য করে বলা হয়েছে বলে মনে করছেন।
এই বক্তব্য প্রকাশ্যে আসার পরই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে কঙ্গনার একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিও। সেখানে এক সাংবাদিক মজা করে জানতে চান, পাকিস্তান থেকে তার জন্য কেমন পাত্র খুঁজবেন। উত্তরে কঙ্গনা হাসতে হাসতে বলেন, ৩০ থেকে ৩৫ বছর বয়সী একজন পাত্র হলেই হবে, এমনকি তিনি তাকে না চিনলেও সমস্যা নেই। পাশাপাশি তিনি জানান, সাধারণ জীবনযাপন করতে চান এবং ভারতীয় ও মুঘলাই দুই ধরনের রান্নাই ভালো পারেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, যিনি এখন ধর্ম ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মন্তব্য করছেন, অতীতে তিনিই আবার পাকিস্তানি পাত্রের কথা বলেছিলেন। যদিও ভিডিওটি ছিল রসিকতার ছলে দেওয়া মন্তব্য, তবুও সেটিকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস

