spot_img

৩০ নভেম্বরের মধ্যে নতুন বিআইএন ব্যবহারের নির্দেশ এনবিআরের

অবশ্যই পরুন

কর জাল সম্প্রসারণ, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং করদাতাদের সেবা আরও সহজ ও ব্যবসাবান্ধব করতে ভ্যাট কমিশনারেটগুলোর অধিক্ষেত্র পুনর্নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রশাসনিক এই পুনর্গঠনের ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর (বিআইএন) নতুন কমিশনারেটের আওতায় স্থানান্তর করা হয়েছে। এ ক্ষেত্রে বিআইএন নম্বরের শেষ চারটি সংখ্যা পরিবর্তিত হলেও প্রতিষ্ঠানের অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।

সোমবার (৩ আগস্ট) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনবিআর।

এতে বলা হয়, আমদানি-রপ্তানি কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন এড়াতে কাস্টমসের সার্ভার সিস্টেমে পুরোনো ও নতুন— উভয় বিআইএন সাময়িকভাবে সক্রিয় রাখা হয়েছে। ফলে পূর্বের বিআইএন ব্যবহার করে খোলা এলসি, বিল অব এন্ট্রি, ঘোষণাপত্র এবং অন্যান্য চলমান কাস্টমস কার্যক্রম স্বাভাবিকভাবে সম্পন্ন করা যাবে।

তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামী ৩০ নভেম্বর ২০২৬-এর মধ্যে পুরোনো বিআইএনের আওতায় থাকা সব কার্যক্রম শেষ করে নতুন বিআইএন ব্যবহার নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে এনবিআর। ওই সময়ের পর পুরোনো বিআইএন স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় (ইনঅ্যাকটিভ) হয়ে যাবে এবং আমদানি-রপ্তানি-সংক্রান্ত সব কাস্টমস কার্যক্রম শুধুমাত্র নতুন বিআইএন ব্যবহার করেই সম্পন্ন করতে হবে।

এছাড়া, রাজস্ব প্রশাসনকে আরও আধুনিক, কার্যকর ও গতিশীল করার পাশাপাশি দেশের অর্থনৈতিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সব ব্যবসাপ্রতিষ্ঠান ও অংশীজনের সহযোগিতা কামনা করা হয়েছে বলে জানিয়েছে এনবিআর।

সর্বশেষ সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চলছে, তবে সুস্পষ্ট নির্দেশনা নেই : ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশন (ইসি) এখনো সুস্পষ্ট কোনো নির্দেশনা পায়নি বলে জানিয়েছেন ইসি সিনিয়র...

এই বিভাগের অন্যান্য সংবাদ