মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সোমবার (১৩ জুলাই) দেশটির ১৮টি স্থানে একযোগে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান জানান, অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান এবং বিদেশিদের মাধ্যমে পরিচালিত ব্যবসাগুলোকে লক্ষ্য করে এ অভিযান চালানো হয়।
অভিযানে ইমিগ্রেশন বিভাগ, জাতীয় নিবন্ধন বিভাগ, পুলিশ ও স্থানীয় সরকারের প্রায় ৮৭৬ জন কর্মকর্তা অংশ নেন। এ সময় নিয়োগকর্তা ও বিদেশি নাগরিকসহ মোট ২ হাজার ২৬০ জনের কাগজপত্র যাচাই করা হয়। পরে অভিবাসন আইন ভঙ্গের অভিযোগে ৫০৩ জনকে গ্রেপ্তার করা হয়।
আটকদের মধ্যে বাংলাদেশি নাগরিকের সংখ্যা সবচেয়ে বেশি ২৯০ জন। এছাড়া মিয়ানমারের ১০১ জন, ইন্দোনেশিয়ার ৬৬ জন, নেপালের ৩৮ জন, ভারতের ৩৬ জন এবং অন্যান্য দেশের ১০ জন নাগরিক রয়েছেন। আটক ব্যক্তিদের বয়স ২১ থেকে ৫২ বছরের মধ্যে, যার মধ্যে ৯৫ জন নারী রয়েছেন।
ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে অনেকের বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা এবং ভিসার শর্ত ভঙ্গের অভিযোগ রয়েছে। কয়েকজন নির্মাণ খাতের ভিসা নিয়ে অন্য খাতে কাজ করছিলেন বলেও জানানো হয়েছে।
এ ছাড়া তদন্তের প্রয়োজনে আরও ১২০ জনকে বিশেষ নোটিশ দেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বিভিন্ন ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, দেশজুড়ে দুই শতাধিক অবৈধ অভিবাসন কার্যক্রমের ‘হটস্পট’ চিহ্নিত করা হয়েছে, যার প্রায় অর্ধেকই ক্লাং ভ্যালি এলাকায় অবস্থিত।

