spot_img

১২ জেলায় বন্যার শঙ্কা, ভারী বৃষ্টিপাত মঙ্গলবার পর্যন্ত

অবশ্যই পরুন

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দেশের উত্তর, দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় বন্যার ঝুঁকি বেড়েছে। এরই মধ্যে সিলেট বিভাগের কয়েকটি এলাকায় অস্থায়ী বন্যা দেখা দিয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের কয়েকটি জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ১৪ জুলাই পর্যন্ত দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। একই সময়ে বঙ্গোপসাগরে একটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম, সিলেট বিভাগ এবং ভারতের ত্রিপুরা অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

পূর্বাভাসে বলা হয়েছে, বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার, মৌলভীবাজার ও হবিগঞ্জের বিদ্যমান বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হতে পারে। তবে ফেনী, খাগড়াছড়ি, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে নতুন করে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে। এছাড়া লক্ষ্মীপুর, নোয়াখালী, নীলফামারী, লালমনিরহাট, রংপুর এবং আগামী ৭২ ঘণ্টার মধ্যে কুড়িগ্রামের কিছু নিম্নাঞ্চলও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, তিস্তা, সুরমা, কুশিয়ারা, সোমেশ্বরী ও ছোট ফেনীসহ কয়েকটি নদীর একাধিক পয়েন্টে পানি সতর্কসীমা ও বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। পর্যবেক্ষণাধীন ১২৭টি নদীর মধ্যে ৭৯টির পানি বেড়েছে, ৪৩টির কমেছে এবং পাঁচটির পানি অপরিবর্তিত রয়েছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া জানান, বৃষ্টি কমতে শুরু করায় সাঙ্গু, মাতামুহুরী, খোয়াই ও কুশিয়ারা নদীর পানিও ধীরে ধীরে নামছে। ফলে দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা কম এবং রোববার থেকে পরিস্থিতির আরও উন্নতি হতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। রোববার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকলেও এরপর ধীরে ধীরে কমতে পারে।

এদিকে রাজধানী ঢাকায়ও গত কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হলেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ পরিস্থিতিতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার, স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপে চ্যাম্পিয়নসহ কোন দল কত টাকা পাবে?

এক মাসের জমজমাট লড়াই শেষে শেষ পর্বে পৌঁছেছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। নাটকীয়তা, চমক আর উত্তেজনায় ভরপুর আসরটির সমাপ্তি যত...

এই বিভাগের অন্যান্য সংবাদ