spot_img

বাংলাদেশে ১০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব ভিয়নের

অবশ্যই পরুন

বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিয়ন (VEON) বাংলাদেশে ১০০ কোটি (১ বিলিয়ন) মার্কিন ডলারের বিনিয়োগ উদ্যোগের প্রস্তাব দিয়েছে। এর মধ্যে প্রাথমিকভাবে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে আন্তর্জাতিক ডিজিটাল অপারেটরটি।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিয়নের চেয়ারম্যান অজি ফাবেলার বৈঠকে এ প্রস্তাব নিয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে বড় পরিসরে বিনিয়োগের আগ্রহের কথা তুলে ধরেন ভিয়ন চেয়ারম্যান।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ‘ইনভেস্ট ইন বাংলাদেশ নাউ!’ (Invest in Bangladesh NOW!) নামে প্রস্তাবিত এই উদ্যোগটি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সঙ্গে সরকারি-বেসরকারি অংশীদারত্বে (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।

যেসব খাতে বিনিয়োগের পরিকল্পনা

প্রস্তাবিত বিনিয়োগের আওতায় পরবর্তী প্রজন্মের ডিজিটাল অবকাঠামো, ডিজিটাল সেবা, ডিজিটাল ব্যাংকিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং মোবাইল আর্থিক সেবা খাতে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।

স্মার্টফোন ও ইন্টারনেট সেবা আরও সাশ্রয়ী করার আহ্বান

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলালিংককে সাধারণ মানুষের জন্য স্মার্টফোন আরও সাশ্রয়ী মূল্যে সরবরাহ এবং ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। এতে সব শ্রেণি-পেশার মানুষের জন্য ডিজিটাল সেবা আরও সহজলভ্য হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বৈঠকে ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ভিয়নের বোর্ড সদস্য মিশিয়েল সোয়েটিং এবং বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জোহান বুসে উপস্থিত ছিলেন।

সম্প্রতি প্রধানমন্ত্রীকে দেওয়া এক চিঠিতে ভিয়ন জানিয়েছে, রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটকের সঙ্গে সম্ভাব্য কৌশলগত সমন্বয়ের বিষয়টি তারা বিবেচনা করছে। পাশাপাশি বাংলাদেশ ডাক বিভাগের মালিকানাধীন মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ অধিগ্রহণের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জোহান বুসে বলেন, গত ২১ বছরে বাংলাদেশে ২ দশমিক ৫ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে ভিয়ন। অনুকূল ও স্থিতিশীল নীতিগত পরিবেশ নিশ্চিত হলে প্রতিষ্ঠানটি আগামী দিনগুলোতে আরও বড় বিনিয়োগ করতে আগ্রহী।

তিনি জানান, ভিয়ন ইতোমধ্যে ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন করেছে এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছে।

এদিকে, মালয়েশিয়ার অ্যাক্সিয়াটাসহ কয়েকটি বিদেশি এবং দেশীয় প্রতিষ্ঠানও নগদে অংশীদারত্ব বা মালিকানা নেওয়ার আগ্রহ দেখালেও এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠান আনুষ্ঠানিক আর্থিক প্রস্তাব জমা দেয়নি।

সর্বশেষ সংবাদ

দারুণ প্রত্যাবর্তনে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জাপানের আঁচে হতাশা নিয়ে প্রথমার্ধে ১-০তে পিছিয়ে পড়ে বিরতিতে গিয়েছিল ব্রাজিল! তবে ৫৬ মিনিটে ডেডলক ভেঙে ব্রাজিলকে কাঙ্ক্ষিত গোল...

এই বিভাগের অন্যান্য সংবাদ