দেশে সংগৃহীত ভিসা ও কনস্যুলার ফি বিদেশে প্রেরণের প্রক্রিয়া সহজ ও সুশৃঙ্খল করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন ব্যবস্থার আওতায় স্থানীয় ভিসা প্রসেসিং এজেন্টরা অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে আদায় করা ফি সংশ্লিষ্ট দূতাবাস, বিদেশস্থ কার্যালয় বা নির্ধারিত ব্যাংক হিসাবে পাঠাতে পারবে।
সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। এতে ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানোর ক্ষেত্রে কয়েকটি বাধ্যতামূলক শর্ত অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
সার্কুলার অনুযায়ী, ভিসা ফি অবশ্যই সংশ্লিষ্ট দূতাবাস নির্ধারিত হারে আদায় করতে হবে। পাশাপাশি দূতাবাস বা তাদের অনুমোদিত প্রতিষ্ঠানের ইস্যুকৃত ইনভয়েস সংরক্ষণ বাধ্যতামূলক থাকবে।
এ ছাড়া প্রতিটি আবেদনকারীর কাছ থেকে সংগৃহীত ফি সংক্রান্ত বিস্তারিত তথ্য সংরক্ষণ করতে হবে। বিদেশে অর্থ পাঠানোর আগে প্রযোজ্য সব ধরনের কর যথাযথভাবে পরিশোধ বা কর্তন করা হয়েছে কি না, সেটিও নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ ব্যাংক মনে করছে, নতুন এই নির্দেশনার ফলে ভিসা ফি পরিশোধ ও বিদেশে অর্থ প্রেরণের কার্যক্রম আরও দ্রুত, সহজ এবং স্বচ্ছ হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট লেনদেনে জবাবদিহিতা ও নিয়ন্ত্রণও বাড়বে।

