spot_img

নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম জয় পেলো মিশর

অবশ্যই পরুন

প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর, দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ভাবে ফিরে এসে নিজেদের ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো জয় তুলে নিল মিশর। সোমবার (২২ জুন) কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলের জয় তুলে নেয় ফারাওরা।

বিসি প্লেস ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচে, শুরু থেকেই আক্রমণাত্মক ছিল নিউজিল্যান্ড। ১৫ মিনিটের মাথায় কর্নার থেকে আসা বলে দুর্দান্ত হেড করে অল হোয়াইটসদের এগিয়ে দেন ফিন স্যারম্যান। ১-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে নিউজিল্যান্ড।

তবে বিরতির আগে সালাহ এবং ইমাম আশুর দুজনেই গোলের খুব কাছাকাছি গেলেও নিউজিল্যান্ড গোলকিপার ম্যাক্স ক্রোকোম্বের কাছে আটকে যান তারা।

দ্বিতীয়ার্ধে মাঠে নামার আগে কৌশলে বেশ কিছু পরিবর্তন আনেন মিশরের কোচ হোসাম হাসান। এরপরই পাল্টে যায় ম্যাচের চিত্র। ম্যাচের ৫৮ মিনিটে মোহাম্মদ হানির ক্রস থেকে গোল করে মিশরকে সমতায় ফেরান মোস্তফা জিকো। এরপর নিজের ক্লাস দেখান মোহাম্মদ সালাহ। জিকোর সঙ্গে ওয়ান-টু পাসে বক্সে ঢুকে নিচু শটে গোল করে মিশরকে এগিয়ে দেন তিনি। মিশর পায় ২-১ গোলের লিড।

৮২ মিনিটে কর্নার কিক থেকে আবারও অ্যাসিস্ট করেন সালাহ, আর বদলি খেলোয়াড় ট্রেজেগুয়ে হেডে গোল করে ৩-১ গোলে ফারাওদের জয় নিশ্চিত করেন।

এদিকে, এটিই বিশ্বকাপে মিশরের প্রথম জয়। এর আগে ১৯৩৪, ১৯৯০ ও২০১৮ বিশ্বকাপ খেললেও, তারা পায়নি কোন জয়ের দেখা। একইসঙ্গে এই জয়ে চার পয়েন্ট নিয়ে গ্রুপ ‘জি’-এর উঠে এসেছে তারা। ফলে প্রথমবারের মতো নকআউট পর্বে যাওয়ার শক্ত অবস্থানে রয়েছে দলটি।

অন্যদিকে, ভালো শুরু করেও দ্বিতীয়ার্ধে ছন্দ হারায় নিউজিল্যান্ড। তবে তাদের জন্য স্বস্তির বিষয় হলো, এখনও নকআউটের লড়াইয়ে টিকে আছে তারা, সেক্ষেত্রে পরবর্তী ম্যাচে শক্তিশালী বেলজিয়ামকে হারাতে হবে।

গ্রুপ ‘জি’-এর পরবর্তী ম্যাচে ২৬ জুন সিয়াটলে ইরানের মুখোমুখি হবে মিশর। একই সময়ে ভ্যাঙ্কুভারে নিউজিল্যান্ড খেলবে বেলজিয়ামের বিপক্ষে।

সর্বশেষ সংবাদ

হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন

জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর...

এই বিভাগের অন্যান্য সংবাদ