spot_img

১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিল আমিরাত

অবশ্যই পরুন

শিশুদের অনলাইন নিরাপত্তা জোরদার ও সাইবার জগতের ঝুঁকি থেকে সুরক্ষায় কঠোর এক সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এখন থেকে দেশটিতে ১৫ বছরের কম বয়সী শিশুরা সামাজিক যোগাযোগমাধ্যম (সোশ্যাল মিডিয়া) ব্যবহার করতে পারবে না। এই নিষেধাজ্ঞা জারির মাধ্যমে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও কানাডার মতো উন্নত দেশগুলোর তালিকায় যুক্ত হলো মধ্যপ্রাচ্যের এই প্রভাবশালী রাষ্ট্রটি।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভার সাম্প্রতিক বৈঠকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সর্বনিম্ন বয়স ১৫ বছর নির্ধারণ করা হয়েছে।

নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ বছরের কম বয়সী কোনো শিশু সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলতে, ব্যবহার করতে বা তা পরিচালনা করতে পারবে না। একই সঙ্গে তারা অন্যদের সঙ্গে সরাসরি যোগাযোগ, কোনো কিছু লেখা বা প্রকাশ করা, অন্যের পোস্টে মন্তব্য বা তথ্য শেয়ার করা এবং কোনো উন্মুক্ত গ্রুপ বা চ্যানেলে যুক্ত হয়ে বৃহৎ পরিসরের অনলাইন আলোচনায় অংশ নেওয়ার মতো সুবিধাগুলো পাবে না।

আমিরাত সরকার এই নতুন বিধান কার্যকর করতে সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে (যেমন—মেটা, টিকটক, এক্স ইত্যাদি) আগামী ১২ মাসের একটি ‘রূপান্তরকাল’ বা এক বছর সময় বেঁধে দিয়েছে। এই সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলোকে মেকানিজম তৈরি করে ১৫ বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট শনাক্ত করতে হবে এবং সেগুলো বন্ধ করে দিতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্ল্যাটফর্ম এই নিয়ম বাস্তবায়নে ব্যর্থ হলে দেশটির গণমাধ্যম ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা সংশ্লিষ্ট মাধ্যমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারবে। এর মধ্যে প্রতিষ্ঠানগুলোকে আনুষ্ঠানিক সতর্কবার্তা দেওয়া, সাময়িকভাবে আংশিক বা সম্পূর্ণ সেবা বন্ধ করে দেওয়া কিংবা বড় অঙ্কের প্রশাসনিক জরিমানা করার মতো কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির অতিরিক্ত আসক্তি এবং সাইবার বুলিং ও অপরাধ থেকে নতুন প্রজন্মকে দূরে রাখতেই মূলত আমিরাত সরকার এমন কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করেছে।

সূত্র: গালফ নিউজ

সর্বশেষ সংবাদ

ফুটবল বিক্রির জন্য নয়, ফিফাকে কড়া বার্তা উয়েফার

উয়েফার গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি ও বিবিসি। বিশ্ব...

এই বিভাগের অন্যান্য সংবাদ