রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নিহত সেনাসদস্যদের মরদেহ বিনিময়ের অংশ হিসেবে ৫৫০ জনের বেশি সেনার মরদেহ হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগই ইউক্রেনীয় সেনার মরদেহ। বৃহস্পতিবার (১৮ জুন) রাশিয়ার ক্ষমতাসীন দলের আইনপ্রণেতা শামসাইল সারালিয়েভ জানান, ইউক্রেন ৫২২ জন নিহত সেনার মরদেহ গ্রহণ করেছে, আর রাশিয়া পেয়েছে ৩৩ জন সেনাসদস্যের মরদেহ।
রুশ সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমস জানিয়েছে, মরদেহ বিনিময়ের বিষয়টি ইউক্রেনও নিশ্চিত করেছে। এর আগে গত মাসেও দুই দেশের মধ্যে একই ধরনের বিনিময় হয়েছিল। তখন ইউক্রেনের দাবি ছিল, রাশিয়া ৫২৮ জন নিহত ইউক্রেনীয় সেনার মরদেহ ফেরত দিয়েছে।
অন্যদিকে, রুশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই বিনিময়ে ইউক্রেন ৪১ জন নিহত রুশ সেনার মরদেহ হস্তান্তর করেছিল। সেই প্রক্রিয়াটি সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় পরিচালিত যুদ্ধবন্দি (পিওডব্লিউ) বিনিময়ের সঙ্গে সম্পন্ন হয়। পরবর্তীতে আমিরাতের মধ্যস্থতায় আরও একটি বন্দি বিনিময়ও অনুষ্ঠিত হয়।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধবন্দি ও নিহত সেনাদের মরদেহ বিনিময় সীমিত পরিসরে হয়েছে। চার বছরের বেশি সময় ধরে চলমান এই যুদ্ধে উভয় পক্ষের প্রকৃত হতাহতের সংখ্যা এখনও স্পষ্ট নয়, কারণ কোনো দেশই এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করেনি।

