সৌদি আরবে প্রিমিয়াম রেসিডেন্সি হোল্ডারদের জন্য আলাদা ওয়ার্ক পারমিট নেয়া বাধ্যতামূলক করা হয়েছে। দেশটির শ্রমবাজার নিয়ন্ত্রণকারী ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কিউয়া’ তাদের নতুন নির্দেশনায় এ তথ্য জানিয়েছে। এই পারমিটের ফি নির্ধারণ করা হয়েছে ১০০ সৌদি রিয়াল।
মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় দ্বারা পরিচালিত এই প্ল্যাটফর্মটি শ্রমবাজার সংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়া যেমন— ব্যবসা প্রতিষ্ঠানের সাবস্ক্রিপশন, প্রশিক্ষণ চুক্তি, পদত্যাগ আবেদন ও ভিসা-সংক্রান্ত সেবাসহ বিভিন্ন পদ্ধতির রূপরেখাও দিয়েছে।
কিউয়া জানিয়েছে, প্রতিষ্ঠানের সাবস্ক্রিপশন ফি কোম্পানির আকার অনুযায়ী নির্ধারিত হয় এবং এটি প্রতিষ্ঠানের ইউনিফায়েড নম্বরের অধীনে নিবন্ধিত মোট কর্মীর সংখ্যার ভিত্তিতে হিসাব করা হয়।
এছাড়া তামহীর প্রোগ্রামের আওতায় প্রশিক্ষণ চুক্তি ইলেকট্রনিকভাবে প্ল্যাটফর্মে নথিভুক্ত করা যাবে। তবে এসব চুক্তি সৌদিকরণের হিসাবের অন্তর্ভুক্ত হবে না এবং বর্তমান কর্মসংস্থান-সংক্রান্ত আবশ্যকতা পূরণের ক্ষেত্রেও এগুলো গণ্য হবে না বলে জানানো হয়েছে।
প্ল্যাটফর্মটি আরও জানিয়েছে, সেবা ফি ব্যাংক কার্ড, সাদাদ পেমেন্ট নম্বর এবং কিউয়া ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে পরিশোধ করা যাবে।
পদত্যাগ সংক্রান্ত পদ্ধতির বিষয়ে কিউয়া বলেছে, যদি নিয়োগকর্তা ইতিমধ্যে তা গ্রহণ বা সিদ্ধান্ত স্থগিত না করে থাকেন, তবে কর্মীরা পদত্যাগের আবেদন জমা দেয়ার সাত দিনের মধ্যে তা প্রত্যাহার করতে পারবেন।
এছাড়া চাকরির চুক্তিতে নির্ধারিত শর্ত অনুযায়ী নোটিশ পিরিয়ড ভিন্ন হতে পারে বলেও জানানো হয়েছে। ভিসা সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, একবার ভিসা ইস্যু হয়ে গেলে তথ্য পরিবর্তন করা যাবে না; ভুল তথ্য থাকলে ভিসা বাতিল করে নতুন ভিসা ইস্যু করতে হবে।
সূত্র: গালফ নিউজ

