বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল। এর আগে ক্লাব ক্যাটাগরিতে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে বিসিবির পরিচালক নির্বাচিত হন তিনি। আর সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।
ক্লাব ক্যাটাগরিতে ১৬ প্রার্থী লড়াই করলেও তামিমসহ নির্বাচিত হয়েছেন সাঈদ ইব্রাহীম, ইসরাফিল খসরু, মাসুদুজ্জামান, ফয়সাল ইয়াসির, ফাহিম সিনহা, শাহনিয়ান তানিম, সাকিফ আহমেদ, আসিফ রব্বানি, মির্জা ইয়াসির, রফিকুল ইসলাম ও ডা. শামিম। তবে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার ১০ পরিচালকের মধ্যে সাতজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন।
নির্বাচন হয়েছে শুধু খুলনা বিভাগের দুটি আর বরিশালে একটি পরিচালক পদের জন্য। যেখানে বরিশাল বিভাগে ৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মিজানুর রহমান। আর খুলনা বিভাগ থেকে সমান ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শান্তনু ইসলাম ও শফিকুল আলম।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন ক্যাটাগরি–৩ এর একমাত্র পরিচালকও। এনএসসি থেকে মনোনীত হয়েছেন সরফরাজ আহমেদ ও রুহুল আমিন। ২৫ পরিচালক মিলে বিসিবির সভাপতি মনোনীত করেছেন তামিম ইকবালকে।
এর আগে, বিকেল ৪টায় শেষ হয় ভোটগ্রহণের আনুষ্ঠানিকতা। গত ৮ মাসের ব্যবধানে বিসিবি পরিচালনা পর্ষদের দ্বিতীয় নির্বাচন এটি।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল বিসিবির অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তামিম ইকবাল। তার অধীনেই ৩ মাসের মধ্যে বিসিবি নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা ছিল। নির্বাচন উপহার দিয়ে নিজেই এখন দেশের ক্রিকেট বোর্ডের শীর্ষ পদে আসীন হলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।

