১৪৪৭ হিজরি সনের হজ মৌসুম শেষে নিজ নিজ দেশে ফিরে যাওয়া হাজিদের মাঝে পবিত্র কোরআনের কপি বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে সৌদি আরবের ইসলামবিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়। জেদ্দার কিং আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা দুই পবিত্র মসজিদের খাদেমের পক্ষ থেকে বিদায়ী হাজিদের জন্য প্রদত্ত বিশেষ উপহার কর্মসূচির অংশ।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮ জিলহজ পর্যন্ত মোট ১ লাখ ৫৩ হাজার ৭৬০ কপি পবিত্র কোরআন বিতরণ করা হয়েছে। এসব কপি মদিনায় অবস্থিত কিং ফাহদ গ্লোরিয়াস কোরআন প্রিন্টিং কমপ্লেক্সে মুদ্রিত হয়েছে। হাজিদের বিভিন্ন প্রয়োজন ও সুবিধার কথা বিবেচনায় রেখে নানা আকার ও সংস্করণের কোরআন সরবরাহ করা হয়েছে।
এ কর্মসূচির আওতায় শুধু আরবি কোরআনই নয়, বরং পবিত্র কোরআনের অর্থ ও ব্যাখ্যার বিভিন্ন ভাষার অনুবাদও উপহার হিসেবে দেওয়া হয়েছে। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ, ভাষা ও সংস্কৃতির মানুষের কাছে কোরআনের মহান বাণী আরও সহজে পৌঁছে দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
হজের স্মৃতিকে আরও সমৃদ্ধ করতে এবং বিদায়ী হাজিদের জন্য আধ্যাত্মিক এক মূল্যবান উপহার হিসেবে এই উদ্যোগকে ব্যাপকভাবে প্রশংসা করা হচ্ছে।
সূত্র : রিয়াদ ডেইলি

