হরমুজ প্রণালিটি দিয়ে চলাচলের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে, অন্যথায় ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া) এই সতর্কবার্তা দেয়।
শনিবার (৩০ মে) আল জাজিরার লাইভ আপডেটে বলা হয়, ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সদর দপ্তরটি বলেছে, ‘হরমুজ প্রণালির ব্যবস্থাপনা ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ কর্তৃত্বের অধীনে পরিচালিত হচ্ছে। সব বাণিজ্যিক জাহাজ, তেলবাহী ট্যাংকার ও অন্যান্য নৌযানকে নির্ধারিত রুট ব্যবহার করতে হবে।
এছাড়া যাত্রার আগে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর অনুমতি নিতে হবে বলেও জানায় ইরানের সামরিক বাহিনী। বিবৃতিতে আরও বলা হয়, ‘যে কোনো জাহাজ এসব বিধিনিষেধ লঙ্ঘন করলে তাদের চলাচলের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।’
একই সঙ্গে হরমুজ প্রণালি এলাকায় অবস্থানরত বিদেশি সামরিক বাহিনীর প্রতিও সতর্কবার্তা দিয়েছে দেশটি। ইরান জানিয়েছে, সামুদ্রিক চলাচল বা প্রণালির ব্যবস্থাপনায় হস্তক্ষেপের যেকোনো প্রচেষ্টার জবাব দেবে তারা।
সূত্র: আল জাজিরা

