spot_img

বিএনপি সরকারের ১০০ দিনে ২০০ উদ্যোগ, ই-বুক প্রকাশ

অবশ্যই পরুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত বিএনপি সরকারের প্রথম ১০০ দিনে নেওয়া হয়েছে ২০০ উদ্যোগ ও প্রকল্প। সরকারের দাবি, এসব কর্মসূচির বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে এবং জনজীবনে এর দৃশ্যমান প্রভাবও পড়তে শুরু করেছে।

বুধবার (২৭ মে) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরকারের প্রথম ১০০ দিনের কার্যক্রম নিয়ে একটি ই-বুক প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং প্রকাশিত এই ই-বুকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম, নীতিগত সিদ্ধান্ত এবং উন্নয়ন উদ্যোগ তুলে ধরা হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে বইটি নিয়মিত হালনাগাদ করা হবে বলেও জানানো হয়েছে।

ই-বুকে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম ১০০ দিন ছিল মূলত প্রশাসনিক পুনর্গঠন, নীতিনির্ধারণ এবং জনগণের আস্থা পুনর্গঠনের সময়। বৈশ্বিক অর্থনৈতিক চাপ, জ্বালানি সংকট, কর্মসংস্থানের সীমাবদ্ধতা ও দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক দুর্বলতার মধ্যেও সরকার দ্রুত বেশ কিছু জনমুখী উদ্যোগ গ্রহণ করেছে।

যেসব উদ্যোগ সবচেয়ে বেশি আলোচনায়

ই-বুকে উল্লেখ করা হয়েছে, সাধারণ মানুষের জীবনযাত্রায় সরাসরি প্রভাব ফেলতে পারে— এমন বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে:

ফ্যামিলি কার্ড
কৃষক কার্ড
কৃষিঋণ মওকুফ
স্পোর্টস কার্ড
ই-হেলথ কার্ড
ডিজিটাল ভূমিসেবা
ই-বেইলবন্ড
খাল পুনঃখনন
ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় গুরুদের আর্থিক সম্মানি
নবায়নযোগ্য জ্বালানি কর্মসূচি
শিক্ষা ও তরুণদের জন্য নতুন কর্মসংস্থান উদ্যোগ

সরকারের দাবি, এসব প্রকল্পের মাধ্যমে সামাজিক নিরাপত্তা, ডিজিটাল সেবা ও অর্থনৈতিক পুনরুদ্ধারে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে।

ই-বুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কিছু ব্যক্তিগত ও প্রশাসনিক সিদ্ধান্তের কথাও তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে—রাষ্ট্রীয় প্রটোকল সীমিত রাখা, সরকারি ব্যয়ে সংযম, মাঠপর্যায়ের সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা।

প্রেস উইংয়ের ভাষ্য অনুযায়ী, নির্বাচনী প্রতিশ্রুতিকে বাস্তব কর্মপরিকল্পনায় রূপ দেওয়ার মাধ্যমেই নেতৃত্বের মূল্যায়ন হয়। নতুন রাজনৈতিক বাস্তবতায় তারেক রহমানের সরাসরি রাজনৈতিক নির্দেশনা ও দ্রুত বাস্তবায়ন জাতীয় আলোচনার কেন্দ্রে এসেছে বলেও উল্লেখ করা হয়েছে।

ই-বুকে স্বীকার করা হয়েছে, ‘গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকে বর্তমান সরকার বৈশ্বিক অর্থনৈতিক চাপ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি নিরাপত্তা, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সম্প্রসারণ, দীর্ঘমেয়াদি সংস্কার বাস্তবায়ন এবং প্রশাসনিক দুর্বলতা এখনো সরকারের বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।

তবে প্রথম ১০০ দিনে নীতিনির্ধারণে দ্রুততা, অর্থনৈতিক ব্যবস্থাপনায় স্থিতিশীলতার ইঙ্গিত, প্রশাসনিক কার্যক্রমে শৃঙ্খলা এবং বিনিয়োগ ও কর্মসংস্থান পুনরুদ্ধারের ইতিবাচক প্রবণতা স্পষ্ট হয়ে উঠেছে। বাংলাদেশে এই প্রথম কোনো সরকার দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই দেশজুড়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। কারণ, এ সরকার বিশ্বাস করে দেশের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করাই নির্বাচিত প্রতিনিধিদের প্রধান দায়িত্ব।

সর্বশেষ সংবাদ

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সরকারের নানা পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ