মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য সমঝোতা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌথ টেলিফোন বৈঠকে অংশ নিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, শনিবার অনুষ্ঠিত ওই আলোচনায় আঞ্চলিক উত্তেজনা কমানোর কূটনৈতিক উদ্যোগ গুরুত্ব পেয়েছে।
বৈঠকে সৌদি যুবরাজের পাশাপাশি কাতার, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিসর ও তুরস্কের নেতারা অংশ নেন। পাকিস্তানের পক্ষে প্রতিনিধিত্ব করেন সেনাপ্রধান আসিম মুনির।
এসপিএর প্রতিবেদনে বলা হয়, আলোচনায় অংশ নেওয়া নেতারা আঞ্চলিক পরিস্থিতির সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করেন এবং ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্ব ও আঞ্চলিক নেতাদের সঙ্গে সমন্বয়ের প্রচেষ্টার প্রশংসা করেন।
একই সঙ্গে পাকিস্তানের নেতৃত্বে চলমান মধ্যস্থতা প্রচেষ্টা এবং কাতারের কূটনৈতিক উদ্যোগেরও প্রশংসা করা হয়। এসব প্রচেষ্টার লক্ষ্য হলো উত্তেজনা কমানো, সংঘাত বন্ধে সমঝোতা প্রতিষ্ঠা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করা।
এর আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তির সমঝোতা স্মারক প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং এর মাধ্যমে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, “চুক্তির চূড়ান্ত দিক ও বিস্তারিত বিষয়গুলো এখন আলোচনা হচ্ছে। খুব শিগগিরই তা ঘোষণা করা হবে।”
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ কয়েকটি দেশের নেতাদের সঙ্গে পৃথক আলোচনার পর ট্রাম্প এ ঘোষণা দেন।

