সোনালি রঙের লম্বা লোমযুক্ত এক বিরল অ্যালবিনো মহিষ যার নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। এবারের আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কয়েক দিনের মধ্যেই তাকে কোরবানি করা হবে বাংলাদেশে। বৃহস্পতিবার (২১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য টেলিগ্রাফ।
প্রায় ১,৫০০ পাউন্ড ওজনের এই মহিষটি তার অনন্য চেহারার কারণে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে। সোনালি রঙের লোম ও বিশেষ আকৃতির কারণে অনেকে এটিকে ‘কম্ব-ওভার’ হেয়ারস্টাইলের সঙ্গে তুলনা করছেন। নারায়ণগঞ্জের তার খামারে পুরো মে মাসজুড়েই অসংখ্য মানুষ এই মহিষটি দেখতে ভিড় করেছেন।
একজন দর্শনার্থী বলেন, সত্যি বলতে মহিষটির বৈশিষ্ট্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অনেকটাই মিলে যায়। আমার ভাতিজা এক ঘণ্টার নৌযাত্রা করে শুধু এটিকে দেখতেই এসেছে।
মহিষটির মালিক ৩৮ বছর বয়সী জিয়া উদ্দিন মৃধা বলেন, তার ভাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুসারে মহিষটির নামকরণ করেন, কারণ ট্রাম্পের মতো এর অসাধারণ চুলের বৈশিষ্ট্য রয়েছে।
তিনি আরও বলেন, আমি ডোনাল্ড ট্রাম্পকে মিস করবো। কিন্তু এটাই ঈদুল আজহার মূল শিক্ষা ত্যাগ। তিনি গত চার বছর ধরে মহিষটির দেখাশোনা করে আসছেন।

