স্প্যানিশ লা লিগায় শিরোপার আশা আরও কঠিন হয়ে গেল রিয়াল মাদ্রিদের। শেষ মুহূর্তে গোল হজম করে রিয়াল বেটিসের এর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। এই ড্রয়ে ৩৩ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে এখন দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। অপরদিকে, এক ম্যাচ কম খেলে ৮২ পয়েন্ট নিয়ে শিরোপার লড়াইয়ে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা।
শুক্রবার (২৪ এপ্রিল) বেটিসের অস্থায়ী হোম ভেন্যু সেভিয়ার স্তাদিও লা কার্তুজায় মুখোমুখি হয় রিয়াল বেটিস ও রিয়াল মাদ্রিদ।
ম্যাচের ১৭তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। বক্সের বাইরে থেকে ভালভার্দের শট বেটিসের গোল রক্ষক আলভারো ভেলস ঠেকিয়ে দিলেও ফিরতি বল থেকে জালে পাঠান ভিনিসিউস জুনিয়র।
এরপরেও ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল রিয়াল। কিলিয়ান এমবাপ্পের একটি গোল অফসাইডে বাতিল হয় এবং পরে আরেকটি শট তিনি বারের ওপর দিয়ে মারেন। এছাড়া ভিনিসিউস ও বেলিংহামও সুযোগ কাজে লাগাতে পারেননি।
দ্বিতীয়ার্ধে, ধীরে ধীরে ম্যাচে ফেরে রিয়াল বেটিস। তারা আরও আগেই গোল পেতে পারত, তবে একের পর এক দারুণ সেভ করেন রিয়াল গোলরক্ষক আন্দ্রি লুনিন।
শেষ পর্যন্ত যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। রিয়াল ডিফেন্ডার ফারল্যান্ড মেন্ডি বল হারালে সুযোগ নেন বেটিসের সাবেক আর্সেনাল ডিফেন্ডার হেক্টর বেলেরিন। নিচু শটে গোল করে পয়েন্ট নিশ্চিত করেন তিনি।
এখন প্রায় নিশ্চিতভাবেই শিরোপাহীন মৌসুম শেষ হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদের। দলটি আগেই চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বিদায় নিয়েছে। চলতি শতাব্দীতে এটি হতে পারে তাদের পঞ্চম ট্রফিহীন মৌসুম।
গত মঙ্গলবার দেপোর্তিভো আলাভেসকে হারিয়ে বার্সার ব্যবধান ৬ পয়েন্টে নামিয়েছিল রিয়াল। কিন্তু পরদিনই বার্সা সেল্টাভিগোকে হারিয়ে আবারও ব্যবধান বাড়ায়।
চলতি মৌসুমে রিয়ালের পঞ্চম ড্র তাদের শিরোপা স্বপ্নে বড় আঘাত হয়ে এসেছে। সামনে এস্প্যানিওলের বিপক্ষে ম্যাচ, এরপর লিগের দ্বিতীয় এল ক্লাসিকোয় বার্সার মাঠে খেলতে যাবে তারা। তবে এখন ভাগ্য নির্ভর করছে বার্সেলোনার হোঁচট খাওয়ার ওপর।

