spot_img

স্বাধীন বিচার বিভাগ ও সবার জন্য ন্যায়বিচার নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

অবশ্যই পরুন

ন্যায়বিচার পাওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার, এটি কোনো দয়ার বিষয় নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সরকার এমন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে যেখানে একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের কাছে সবাই সমান হবে।

সোমবার (২০ এপ্রিল) বগুড়া জেলা আদালতসহ মোট সাতটি জেলায় ‘ই-বেইল বন্ড’ (ই-জামিননামা) সেবার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যে বিচার ব্যবস্থায় প্রধানমন্ত্রী কিংবা মন্ত্রী, পুলিশ কর্মকর্তা কিংবা কর্মকর্তা এবং একজন সাধারণ নাগরিকের মধ্যে কোনো তফাৎ থাকবে না। যে বিচার ব্যবস্থা থাকবে সম্পূর্ণ স্বাধীন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার অনবদ্য পাদপীঠ।’

তিনি বলেন, ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে ‘ই-বেইল বন্ড’ ব্যবস্থা একটি মাইলফলক হয়ে থাকবে। আমরা সবার জন্য ন্যায়বিচারে বিশ্বাসী। আজকের এই ডিজিটাল উদ্যোগ সেই অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে একটি বড় সাফল্য।

নতুন এই ব্যবস্থার অধীনে একজন বিচারক জামিন আদেশ যাচাই করবেন এবং সরাসরি অনলাইনের মাধ্যমে কারা কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবেন। এর ফলে আদেশ পাওয়ামাত্রই সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তি নিশ্চিত হবে। তারেক রহমান বলেন, এর ফলে ই-বেইল বন্ড বা ইলেকট্রনিক জামিন ব্যবস্থা বিচারিক প্রক্রিয়ায় অপ্রয়োজনীয় হয়রানি ও ভোগান্তির অবসান ঘটাবে।

তিনি জানান, বিচার বিভাগকে আধুনিকায়ন এবং জনগণের ভোগান্তি কমাতে সরকার ই-বেইল ব্যবস্থাকে ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস), আদালত মামলা ব্যবস্থাপনা পদ্ধতি এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাইকরণ ব্যবস্থার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করছে।

প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, অতীতে বিরোধী দল বা ভিন্নমতের হাজার হাজার মানুষকে গায়েবি ও ভুয়া মামলা, মিথ্যা পরোয়ানা এবং পরোয়ানা প্রত্যাহারে বিলম্বের মাধ্যমে হয়রানি করা হয়েছে। সরকার হাজিরা পরোয়ানা, মুক্তি আদেশ এবং থানা থেকে পরোয়ানা প্রত্যাহারের বিষয়টি অনলাইন ব্যবস্থার আওতায় আনবে।

তিনি বলেন, এটি সম্পন্ন হলে এক জেলায় গ্রেপ্তার হওয়া আসামিকে অন্য জেলায় স্থানান্তরের সময় নথিপত্র দ্রুত অনলাইনে আদান-প্রদান সম্ভব হবে, যা জামিন শুনানিকে আরও সহজ করবে। তারেক রহমানের মতে, এটি ভুয়া পরোয়ানার মাধ্যমে সাধারণ মানুষকে পুলিশি হয়রানি এবং বেআইনিভাবে আটকে রাখার সংস্কৃতি নির্মূল করতে সাহায্য করবে।

তিনি আরও বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে বিচার বিভাগকে একটি দলীয় প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছিল যেখানে ন্যায়বিচার অনুপস্থিত ছিল। ২০২৪ সালের আগস্টে মুক্তিকামী মানুষ সেই অন্ধকার শাসন থেকে মুক্তি পেয়েছে এবং বর্তমান সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠা ও নাগরিকদের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

‘আদালত হয়রানির জায়গা নয়, ন্যায়বিচারের নিরাপদ আশ্রয়স্থল হওয়া উচিত’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিচার বিভাগের ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে পারলে তা ‘মব ভায়োলেন্স’ (উচ্ছৃঙ্খল জনতার সহিংসতা) কমাতেও সাহায্য করবে।

তারেক রহমান বলেন, তার সরকার একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ এবং স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় কাজ করছে। এই প্রচেষ্টার অংশ হিসেবে বগুড়া, ঝিনাইদহ, যশোর, মাগুরা, রাজশাহী, নাটোর এবং কুষ্টিয়া—এই সাতটি জেলায় ই-বেইল বন্ড ব্যবস্থা চালু করা হয়েছে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দেশব্যাপী এই ব্যবস্থা কার্যকর হলে বিচার প্রাপ্তিতে বিলম্ব এবং বৈষম্য কমে আসবে। তিনি বলেন, বিচারে বিলম্ব করা মানে ন্যায়বিচার অস্বীকার করা। তিনি এই ব্যবস্থাকে এগিয়ে নিতে বিচার বিভাগ, কারা কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

তারেক রহমান ওয়ান-ইলেভেন সময়ের তার ১৮ মাসের কারাবাসের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, কারাগারের বন্দিদের প্রায় ৩০ শতাংশই দরিদ্র মানুষ, যারা প্রায়ই বোঝেন না কেন তারা জেলে আছেন। অনেকে শুধু একজন ভালো আইনজীবী নিয়োগের সামর্থ্য না থাকায় বছরের পর বছর বন্দি থাকেন।

তিনি আইনমন্ত্রীকে এই সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করার এবং যারা সামর্থ্যহীন তাদের জন্য আইনি সহায়তা (লিগ্যাল এইড) নিশ্চিত করার অনুরোধ জানান, যাতে নিরপরাধ বা দরিদ্র বন্দিরা অন্যায্য কারাবাস থেকে মুক্তি পেতে পারেন।

পরবর্তীতে প্রধানমন্ত্রী কম্পিউটারের বোতাম চেপে ই-বেইল বন্ড ব্যবস্থার উদ্বোধন করেন। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন সচিব লিয়াকত আলী মোল্লা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং বগুড়ার সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ থেকে কর্মী নিতে পর্তুগালের সেক্রেটারি অব স্টেটকে অনুরোধ

সেনেগালে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন পর্তুগালের পররাষ্ট্র ও সহযোগিতা বিষয়ক সেক্রেটারি অব স্টেট আনা...

এই বিভাগের অন্যান্য সংবাদ