spot_img

ডায়াবেটিস চিকিৎসায় জাপানি বিজ্ঞানীদের সাফল্য

অবশ্যই পরুন

ডায়াবেটিস রোগীদের জন্য ইনসুলিন গ্রহণের কষ্টদায়ক ইনজেকশন পদ্ধতি এবার চিরতরে বদলে যেতে পারে। জাপানের একদল গবেষক এমন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যার মাধ্যমে ইনসুলিন এখন ট্যাবলেটের মতো মুখে সেবন করা সম্ভব হবে। চিকিৎসা বিজ্ঞানের এই বৈপ্লবিক অগ্রগতি ডায়াবেটিস ব্যবস্থাপনায় এক নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে।

দীর্ঘদিন ধরেই বিজ্ঞানীরা ইনসুলিনকে মুখে সেবনের উপযোগী করার চেষ্টা চালিয়ে আসছিলেন। তবে পাকস্থলীর শক্তিশালী এনজাইম ইনসুলিনকে রক্তে পৌঁছানোর আগেই ভেঙে ফেলে বলে এটি কার্যকর হচ্ছিল না। এই প্রতিবন্ধকতা দূর করতে জাপানের কুমামতো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ‘ডিএনপি পেপটাইড’ নামক একটি বিশেষ সাইক্লিক পেপটাইড ব্যবহার করেছেন। এটি ক্ষুদ্রান্ত্রের দেয়াল ভেদ করে ইনসুলিনকে সরাসরি রক্তপ্রবাহে পৌঁছে দিতে সক্ষম।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞানীরা দুটি ভিন্ন প্রক্রিয়ায় এই পরীক্ষা চালিয়েছেন। প্রথমত, ইনসুলিনের সঙ্গে পেপটাইড মিশিয়ে এবং দ্বিতীয়ত, রাসায়নিকভাবে দুটির সংমিশ্রণ ঘটিয়ে। উভয় পদ্ধতিতেই আশাতীত সাফল্য মিলেছে। ল্যাবরেটরিতে ডায়াবেটিক ইঁদুরের ওপর চালানো এই পরীক্ষায় দেখা গেছে, নতুন এই প্রযুক্তি রক্তে শর্করার মাত্রা কমিয়ে আনতে সক্ষম হয়েছে।

সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য দেখা গেছে ইনসুলিন শোষণের হারে। আগের তুলনায় এই পদ্ধতিতে ইনসুলিন শোষণের ক্ষমতা ৩৩ থেকে ৪১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এর ফলে এখন আগের চেয়ে অনেক কম পরিমাণ ইনসুলিন ব্যবহার করেই কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব হবে।

আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী মলিক্যুলার ফার্মাসিউটিক্যালস-এ এই গবেষণার বিস্তারিত ফলাফল প্রকাশিত হয়েছে। বর্তমানে বড় প্রাণীদের ওপর এর পরীক্ষামূলক প্রয়োগ চলছে। সেখানে সফল হলে পরবর্তী ধাপে শুরু হবে মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়াল।

চিকিৎসকরা আশা করছেন, এই প্রযুক্তি চূড়ান্তভাবে সফল হলে বিশ্বজুড়ে কোটি কোটি ডায়াবেটিস রোগীর চিকিৎসা পদ্ধতি আরও সহজ ও স্বস্তিদায়ক হয়ে উঠবে।

সর্বশেষ সংবাদ

ইরানে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ইরানে টানা কয়েক সপ্তাহ স্থল হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট রোববার (২৯ মার্চ) এ তথ্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ