যুক্তরাষ্ট্র গমনেচ্ছু পর্যটকদের জন্য বিশেষ ভ্রমণ পরামর্শ জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (২১ মার্চ) এক বার্তায় দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে সফরের পরিকল্পনা করার আগেই ভ্রমণকালীন সম্ভাব্য বিঘ্ন কিংবা আকস্মিক চিকিৎসাজনিত ব্যয় নির্বাহের মতো পর্যাপ্ত আর্থিক সংগতি নিশ্চিত করা জরুরি।
দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ভিসা সাক্ষাৎকারের সময় আবেদনকারীদের যথাযথ প্রস্তুতি নিয়ে আসতে হবে। একইসঙ্গে এমন সব প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে, যা প্রমাণ করে যে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর সংশ্লিষ্ট ব্যক্তি কোনোভাবেই সে দেশের সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হবেন না।
অর্থাৎ, যাতায়াত ও অবস্থানকালীন যাবতীয় খরচ বহনের সক্ষমতা আবেদনকারীর থাকতে হবে।
সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়, ভিসা পাওয়ার উদ্দেশ্যে কোনো ধরনের ভুয়া বা জাল নথিপত্র উপস্থাপন করা দণ্ডনীয় অপরাধ ও প্রতারণার শামিল। এ ধরনের জালিয়াতির আশ্রয় নিলে আবেদনকারী কেবল বর্তমান ভিসার জন্যই অযোগ্য হবেন না, বরং ভবিষ্যতে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন।

