রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে সরকার। আজ রোববার (৮ মার্চ) সকালে আকস্মিক অভিযানে নামে র্যাব-২। অন্যদিকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দালালের দৌরাত্ম্য বন্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন তিনি।
সকাল থেকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালসহ তিনটি সরকারি হাসপাতালে চিরুনি অভিযানে নামে র্যাব-২। সাধারণ রোগীদের ভোগান্তি ও দালাল চক্রের অপতৎপরতা রুখতেই এই ঝটিকা অভিযান। অভিযানে হাসপাতাল প্রাঙ্গণ থেকে বেশ কয়েকজন দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক শাস্তি প্রদান করেন।
এদিকে, রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল পর্যবেক্ষণে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সেখানে তিনি ওয়ার্ডের সার্বিক ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবা সরেজমিনে দেখেন। হাসপাতালের অব্যবস্থাপনা এবং লিডারশিপ সংকট নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। তিনি হাসপাতালের বেডে ছারপোকা-তেলাপোকা দেখে বিস্মিত হন।
তিনি বলেন, ‘হাসপাতালের শৌচাগার থেকে শুরু করে বেড—সবকিছুতেই আমাদের নজরদারি থাকবে। আর দালালদের নিয়ে কথা পরিষ্কার; যদি কোনো হাসপাতালের ভেতরে দালাল পাওয়া যায়, তবে সেই কর্তৃপক্ষের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। মানুষকে আর ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, ডাক্তারই যাবে মানুষের দোরগোড়ায়।”
মন্ত্রী জানান, পর্যায়ক্রমে দেশের সব বড় হাসপাতালে এমন ঝটিকা পরিদর্শন চলবে। নির্দিষ্ট ডিউটি রোস্টার না মানলে চিকিৎসক ও কর্মকর্তাদের বিরুদ্ধেও নেওয়া হবে কঠোর ব্যবস্থা।
হাসপাতালগুলোতে দালালমুক্ত পরিবেশ এবং স্বচ্ছতা ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই সমন্বিত উদ্যোগকে স্বাগত জানান ভুক্তভোগী রোগীরা।

