সারা বিশ্বে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সালাম, বরকত, রফিক, শফিউর ও জব্বারসহ নাম না জানা অনেকেই প্রাণ উৎসর্গ করেন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্রীড়াঙ্গনেও দিনটি বিশেষভাবে পালন করা হচ্ছে।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের ফিফা ওয়ার্ল্ড কাপ-এর ফেসবুক পেজ থেকে মাতৃভাষা দিবস উপলক্ষে একটি বিশেষ পোস্ট শেয়ার করেছে। কানাডাপ্রবাসী বাংলাদেশি ফুটবলার শমিত সোমের ছবি ব্যবহার করে ক্যাপশনে লেখা হয়, “ভিন্ন ভাষায় একই আবেগ।”
ছবিতে বাংলায় যুক্ত করা হয়েছে—“ফুটবলই আমাদের ভাষা।” পোস্টটিতে ফুটবল ও ভালোবাসার ইমোজিও ছিল।
জানা গেছে, পোস্টটির প্রাইভেসি ‘কাস্টম’ করা হয়েছে; অর্থাৎ এটি মূলত বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীদের জন্য প্রদর্শিত হয়েছে।
যুক্তরাজ্যপ্রবাসী হামজা চৌধুরীর পথ ধরে আরও কয়েকজন প্রবাসী ফুটবলার বাংলাদেশ জাতীয় দলে যুক্ত হয়েছেন। তাদের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নতুনভাবে উড়ছে লাল-সবুজের পতাকা। ফিফার পেজে সামিত সোমের উপস্থিতি সেই ধারাবাহিকতারই প্রতীকী প্রকাশ।
এদিকে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানায়, “তারুণ্যের নব চেতনায় একুশ রবে সকলের অনুপ্রেরণায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।”

