আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্বটা আর চালিয়ে যাবেন না জোনাথন ট্রট। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, আর নবায়ন করা হচ্ছে না চুক্তি। আফগানদের ঐতিহাসিক অনেক জয়ে গড়া রঙিন অধ্যায়ের রূপকার জোনাথন ট্রট।
২০২২ সালের জুলাইয়ে আফগানদের প্রধান কোচ হন ট্রট। এরপর সাফল্যের সাগরে ভাসিয়েছেন আফগানিস্তানকে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ডের মত দলকে হারায় আফগানরা। ১০ দলের বিশ্বকাপে ৬ষ্ঠ হয়ে টুর্নামেন্ট শেষ করেছিল চমক দেখানো আফগানিস্তান।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিল সেমিফাইনালে। সুপার এইটে অস্ট্রেলিয়ার পর হারিয়েছিল বাংলাদেশকেও। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিতে যেতে না পারলেও ইংল্যান্ডকে হারিয়েছিল।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে যেতে পারছে না যদিও। তবে দক্ষিণ আফ্রিকাকে প্রায় হারিয়েই দিয়েছিল, দুই সুপার ওভার শেষে আফগানদের হারায় প্রোটিয়ারা। এর বাইরে দ্বিপাক্ষিক সিরিজেও বেশ কিছু সাফল্য পেয়েছে ট্রটের আফগানিস্তান।
কানাডাকে ৮২ রানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করেছে আফগানরা। ট্রটের আফগানিস্তান অধ্যায়ও শেষ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাই আবেগাপ্লুত অধিনায়ক রশিদ খান।
গুরু ট্রটকে নিয়ে রশিদ বলেছেন, ‘আমার মনে হয় তার (ট্রটের) সাথে আমরা দারুণ কিছু সময় কাটিয়েছি। আজ আমরা যেখানে রয়েছি, সেখানে উনি প্রধান ভূমিকায় কাজ করেছেন। তার বিদায় নিতে দেখাটা আবেগী ব্যাপার, তবে জীবন এমনই। তাকে আমরা শুভকামনা জানাই এবং জীবনের কোনো এক বাঁকে হয়ত আবারও দেখা হবে।’
ট্রটের নতুন গন্তব্য সম্পর্কে এখনও জানা যায়নি।

