পাথুম নিশাঙ্কার অপরাজিত সেঞ্চুরিতে ভর করে অস্ট্রেলিয়ার দেয়া ১৮২ রানের কঠিন লক্ষ্য তাড়া করে ৮ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ ‘বি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে এই জয় পায় লঙ্কানরা।
এই জয়ে টানা তৃতীয়বারের মতো গ্রুপ ম্যাচে জিতল স্বাগতিকরা। তাতে সুপার এইটে জায়গা করে নিল দলটি। অন্যদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর শ্রীলঙ্কার কাছে হেরে সুপার এইট থেকে প্রায় ছিটকে গেছে অস্ট্রেলিয়া। শেষ ম্যাচে নিজেরা বড় জয়ের পাশাপাশি জিম্বাবুয়ের বাকি ২ ম্যাচেও বড় হার কামনা করতে হবে দলটিকে।
১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র দুই উইকেট হারিয়ে এবং ১২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা। দ্বিতীয় উইকেটে ৯৭ রানের জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। রান তাড়ায় যদিও শ্রীলঙ্কার শুরুটা ভালো ছিল না। ইনিংসের দ্বিতীয় ওভারে মাত্র ৮ রান থাকতেই ১ রান করে মার্কাস স্টয়নিসের শিকার হন কুশল পেরেরা। এরপর ক্রিজে এসে মেন্ডিসকে নিয়ে দারুণ প্রত্যাবর্তন করেন নিশাঙ্কা।
১৩তম ওভারে স্টয়নিস ৩৮ বলে ৫১ রান করা মেন্ডিসকে ফিরিয়ে দিলে ভাঙে ৯৭ রানের জুটি। মেন্ডিসের ইনিংসে ছিল ছয়টি ছক্কা ও একটি চার। এরপরও থামেননি নিশাঙ্কা। ৫২ বলে ১০টি চার ও পাঁচটি ছক্কায় অপরাজিত ১০০ রান করে ১৮তম ওভারেই দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন তিনি। মিডল অর্ডারে পাভান রথনায়েকে ১৫ বলে ২৮ রান করে অপরাজিত থেকে দারুণ সঙ্গ দেন।
অস্ট্রেলিয়ার পক্ষে একমাত্র সফল বোলার ছিলেন স্টয়নিস, চার ওভারে ৪৬ রান দিয়ে নেন দুটি উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৮১ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ওপেনার ট্রাভিস হেড ও অধিনায়ক মিচেল মার্শের অর্ধশতকে ভর করে শক্ত ভিত পায় তারা। প্রথম ৯ ওভারেই ১০৪ রানের জুটি গড়েন হেড ও মার্শ। ২৯ বলে ৫৬ রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন হেড। মার্শ করেন ২৭ বলে ৫৪ রান। এছাড়া জশ ইংলিস ২৭ ও গ্লেন ম্যাক্সওয়েল ২২ রান করেন।
শ্রীলঙ্কার হয়ে দুশান হেমন্তা ৪ ওভারে ৩৭ রান দিয়ে নেন ৩ উইকেট। দুশ্মন্ত চামিরা নেন ২টি উইকেট। এছাড়া মহীশ থিকশানা, দুনিথ ভেলালাগে ও কামিন্দু মেন্ডিস প্রত্যেকে একটি করে উইকেট শিকার করেন।

