স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার একটি প্রামাণ্যচিত্রে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সেখানে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো নিজেই স্বীকার করেছেন, ২০১৪ বিশ্বকাপে লিওনেল মেসি যেন শিরোপা জিততে না পারেন—সেই প্রার্থনাই করেছিলেন তিনি।
প্রামাণ্যচিত্রে দেখা যায়, ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা হেরে যাওয়ায় স্বস্তি অনুভব করেছিলেন রোনালদো। ওই ফাইনালে জার্মানি অতিরিক্ত সময়ে ১-০ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে শিরোপা জেতে।
রোনালদো ও মেসির দীর্ঘ এক দশকের প্রতিদ্বন্দ্বিতা নতুন করে আলোচনায় এসেছে এই স্বীকারোক্তির মাধ্যমে। ব্যক্তিগত পুরস্কার, রেকর্ড ভাঙা ও আধুনিক ফুটবলে নতুন মানদণ্ড স্থাপনে দুজনই ছিলেন সমানতালে এগিয়ে। তবে বিশ্বকাপ শিরোপাকেই বরাবর তাদের ক্যারিয়ারের ‘চূড়ান্ত মুকুট’ হিসেবে দেখা হয়েছে।
২০১৪ সালে মেসির শিরোপা হাতছাড়া হওয়া রোনালদোর জন্য স্বস্তির কারণ হলেও, আট বছর পর চিত্রটা পুরো বদলে যায়। ২০২২ সালের ডিসেম্বরে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে জয় পেয়ে অবশেষে স্বপ্নের ট্রফি জেতেন মেসি। ১২০ মিনিটে ৩-৩ সমতার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।
২০২২ বিশ্বকাপ জয়কে অনেকেই ‘সর্বকালের সেরা’ বিতর্কে মেসির পক্ষে চূড়ান্ত প্রমাণ হিসেবে দেখছেন। তবে রোনালদো-মেসির প্রতিদ্বন্দ্বিতা কখনোই কেবল শিরোপার লড়াই ছিল না; এটি ছিল দুই ভিন্ন ধাঁচের, দুই অসাধারণ ক্যারিয়ারের গল্প।
এদিকে রোনালদোর সামনে সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। ২০২৬ বিশ্বকাপে পর্তুগালের হয়ে সাফল্য অর্জনের লক্ষ্যে তিনি এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন।

