সারাদেশের মানুষ এখন বিএনপিকে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৭ আসনে এক জনসভায় তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, এই এলাকায় আমার বেড়ে ওঠা। এই এলাকায়তেই আমার ভাইও বড় হয়েছে। আমাদের সন্তানেরা এই এলাকাতেই জন্মগ্রহণ করেছে। বেগম খালেদা জিয়াও এই এলাকায় সারাজীবন কাটিয়েছেন। এই এলাকা থেকেই তিনি বিদায় নিয়েছেন। এই এলাকার মানুষের সঙ্গে আমার মানুষিক সম্পর্ক গড়ে উঠেছে।
তিনি বলেন, বিএনপির কাছে দেশের মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। সরকার গঠন করলে দেশে ও সমাজের প্রত্যেকটা বিষয় অ্যাড্রেস করতে পারবো।
নারীদের নিয়ে তারেক রহমান বলেন, মা-বোনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না করতে পারলে দেশকে এগিয়ে নিতে পারবো না। এ জন্য খালেদা জিয়া নারী শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছিলেন। আমরা নারীদের শিক্ষার ওপরগুরুত্ব দিই। শিক্ষিত নারীদের স্বাবলম্বী করতে চাই। খেটে খাওয়া নারীদের সাবলম্বী করতে চাই। সারা বাংলাদেশে নারীদের ফ্যামিলি কার্ড দিতে চাই। এর ফলে প্রত্যেক মা অর্থনৈতিক সহযোগিতা পাবে। এর মাধ্যমে ধীরে ধীরে মায়েরা সাবলম্বী হয়ে উঠবে।
বিএনপি চেয়ারম্যান বলেন, কৃষক ভালো থাকলে, বাংলাদেশের মানুষও ভালো থাকবে। কৃষকদের এ জন্য কার্ড দেওয়া হবে। আমরা সরকারি সহযোগিতা সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দিতে চাই।
তিনি বলেন, তরুণ যুবকদের আইসিটি প্রশিক্ষণ দিয়ে দক্ষ করতে চাই। যাতে করে তারা দেশ ও বিদেশে ভালো বেতনে কাজ করতে পারে। বিদেশগামীদের জন্য ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে বলেও জানান তারেক রহমান।
স্বাস্থ্য খাত নিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সারাদেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করবো। এতে করে কর্মসংস্থান যেমন হবে, তেমন অনেকে স্বাস্থ্যসেবাও পাবে।
তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যে দেশে যেকোনো মানুষ নিরাপদে চলাচল করতে পারে। যে কেউ নিরাপদে ব্যবসা করতে পারে।

