মায়োর্কাকে হারিয়ে লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করেছে বার্সেলোনা। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ভিক্টর ইয়োকেরেসের জোড়া গোলে সান্ডারল্যান্ডকে উড়িয়ে দিয়ে শিরোপা জয়ের সুবাতাস পাচ্ছে আর্সেনাল। অপর ম্যাচে কোল পালমারের হ্যাটট্রিকে উলভারহ্যামটনকে তাদের মাঠেই হারিয়েছে ক্লাব বিশ্বচ্যাম্পিয়ন চেলসি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) আলাদা আলাদা ম্যাচে মাঠে নামে দলগুলো।
লা লিগায় এদিন ম্যাচে ঘরের মাঠে ম্যাচের শুরুতেই মায়োর্কার আক্রমণ সামলাতে কিছুটা বেগ পেতে হয় বার্সাকে। তবে ২৯ মিনিটে ডেডলক ভাঙেন রবার্ট লেভানডোভস্কি। রাশফোর্ডের শট গোলরক্ষক ফেরালেও ফিরতি বলে নিখুঁত ফিনিশিংয়ে মৌসুমে নিজের দশম গোলটি করেন এই পোলিশ তারকা।
বিরতির পর আক্রমণাত্মক ফুটবল খেলে বার্সা। ৬১ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দানি ওলমোর পাস ধরে বাঁ-পায়ের দর্শনীয় এক বুলেট শটে ব্যবধান দ্বিগুণ করেন লামিন ইয়ামাল। আর ম্যাচের অন্তিম মুহূর্তে ৮৩ মিনিটে দুর্দান্ত একক নৈপুণ্যে বার্সেলোনার জার্সিতে নিজের প্রথম গোল করে বড় জয় নিশ্চিত করেন ১৮ বছর বয়সী মার্ক বার্নাল। এই জয়ে ২৩ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৫৪ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।
অপরদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে আর্সেনাল। সান্ডারল্যান্ডের রক্ষণ ভাঙতে ঘাম ঝরাতে হয়েছে গানারদের। ম্যাচের ডেডলক ভাঙে প্রথমার্ধ শেষ হোয়ার ঠিক আগ মুহূর্তে। ডি-বক্সের বাইরে থেকে স্প্যানিশ মিডফিল্ডার জুবিনেন্দির নিখুঁত শটে লিড পায় স্বাগতিকরা।
ম্যাচের দ্বিতীয়ার্ধ ছিল পুরোপুরি সুইডিশ স্ট্রাইকার ভিক্টর ইয়োকেরেসের দখলে। ৬৫ মিনিটে হাভার্টজের পাস থেকে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। আর ইনজুরি টাইমে নিজের দ্বিতীয় গোলটি করে দলের ৩-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন এই সমালোচিত স্ট্রাইকার। এই জয়ে ২০০৩ সালের পর প্রথমবারের মতো লিগ শিরোপা জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেল আর্সেনাল।
ইপিএলের অপর ম্যাচে জয়ের ধারা অব্যাহত রেখেছে চেলসি। ম্যাচের প্রথমার্ধেই নিজের হ্যাটট্রিক পূর্ণ করে ব্লুজদের বড় জয় উপহার দেন ইংলিশ ফরোয়ার্ড কোল পালমার। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের ১৩ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে চেলসিকে লিড এনে দেন এই ফরোয়ার্ড। এরপর ৩৫ মিনিটে ফের প্রতিপক্ষের জাল কাপান পালমার।
এর মাত্র তিন মিনিট পর আবারও পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করে মাত্র ৩৮ মিনিটেই নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এই তারকা। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে উলভসের হয়ে টোলু অ্যারোকোডারে একটি গোল শোধ দিলেও, তা কেবল ব্যবধানই কমিয়েছে। শেষ পর্যন্ত পালমার ঝড়ে পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে চেলসি।

