২০২০ সালের পর প্রথম বড় শিরোপা জয়ের স্বপ্ন আরো জোরাল করল আর্সেনাল। উত্তেজনাপূর্ণ সেমিফাইনালে চেলসিকে হারিয়ে কারাবাও কাপের ফাইনালে উঠেছে গানাররা।
প্রথম লেগে ৩-২ ব্যবধানে এগিয়ে থাকলেও দ্বিতীয় লেগে এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালকে অপেক্ষা করতে হয় ম্যাচের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত। ৯৭তম মিনিটে বদলি খেলোয়াড় কাই হাভার্ডজ গোল করে নিশ্চিত করেন আর্সেনালের ফাইনাল টিকিট। গোলরক্ষক রবার্ট সানচেজকে কাটিয়ে ঠাণ্ডা মাথায় নেওয়া তার শটে স্তব্ধ হয়ে যায় চেলসি শিবির।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আর্সেনাল। তবে পাঁচ ডিফেন্ডার নিয়ে রক্ষণাত্মক কৌশলে খেলায় প্রথমার্ধে খুব বেশি পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি তারা। বিরতির পর চেলসি কোচ লিয়াম রোজেনিয়র আক্রমণ বাড়াতে এস্তেভাও ও কোল পালমারকে নামালেও আর্সেনালের রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয় ব্লুজরা।
এই জয়ের মাধ্যমে আর্সেনাল পৌঁছে গেল কারাবাও কাপের ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে ম্যানচেস্টার সিটি অথবা নিউক্যাসল ইউনাইটেড। আগামী মাসে ঐতিহ্যবাহী উয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি।
মিকেল আর্তেতার দল বর্তমানে প্রিমিয়ার লিগের শীর্ষে রয়েছে এবং এখনো তিনটি কাপ প্রতিযোগিতায় টিকে আছে। সব মিলিয়ে মৌসুমের শেষভাগে আর্সেনালের সামনে বড় সাফল্যের হাতছানি।
উল্লেখ্য, আর্সেনালের সর্বশেষ বড় শিরোপা ছিল চেলসির বিপক্ষে এফএ কাপ জয়। আর লিগ কাপের ফাইনালে তারা শেষবার উঠেছিল ২০১৮ সালে।

