চুল মানুষের সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে নারীদের ক্ষেত্রে চুল শুধু সৌন্দর্যই নয়, আত্মবিশ্বাসের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। তাই চুলের যত্নে কেউই কমতি রাখতে চান না। কিন্তু প্রতিদিনের একটি ছোট অভ্যাস—রাতে ঘুমানোর সময় চুল বেঁধে রাখা নাকি খোলা রাখা—চুলের স্বাস্থ্যে বড় প্রভাব ফেলতে পারে, তা অনেকেই জানেন না।
অনেকের মনেই প্রশ্ন আসে, রাতে ঘুমানোর সময় চুল কীভাবে রাখা উচিত? ভুল পদ্ধতির কারণে চুল ভেঙে যাওয়া, জট বাঁধা বা অতিরিক্ত চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে।
খোলা চুলে ঘুমানোর সুবিধা ও অসুবিধা
রাতে চুল খোলা রেখে ঘুমালে মাথার ত্বকে বাতাস চলাচল সহজ হয়। এতে স্ক্যাল্প ভালোভাবে শ্বাস নিতে পারে এবং রক্ত সঞ্চালনও উন্নত হয়।
তবে এর নেতিবাচক দিকও রয়েছে। সম্পূর্ণ খোলা চুল বালিশের সঙ্গে ঘষা খেয়ে জট পাকিয়ে যেতে পারে। সকালে আঁচড়ানোর সময় চুলের আগা ফেটে যাওয়া বা ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে লম্বা, শুষ্ক ও কোঁকড়ানো চুলের ক্ষেত্রে এই সমস্যা আরও বেশি দেখা যায়।
শক্ত করে চুল বাঁধা কেন ক্ষতিকর
রাতে খুব শক্ত করে রাবার ব্যান্ড বা টাইট বিনুনি করে চুল বাঁধা একেবারেই উচিত নয়। এতে চুলের গোড়ায় অতিরিক্ত চাপ পড়ে, যা থেকে ট্র্যাকশন অ্যালোপেসিয়ার মতো সমস্যা হতে পারে। এর ফলে চুলের গোড়া দুর্বল হয়ে চুল পড়া শুরু হতে পারে।
সবচেয়ে ভালো সমাধান কী?
বিশেষজ্ঞদের মতে, রাতে ঢিলেঢালা বিনুনি করে ঘুমানোই সবচেয়ে নিরাপদ ও উপকারী উপায়। এতে চুলে জট বাঁধে না, আবার চুলের প্রাকৃতিক গঠনও অক্ষুণ্ন থাকে।
আরও কিছু জরুরি টিপস
*সুতির বালিশের বদলে সিল্ক বা সাটিনের বালিশের কভার ব্যবহার করুন। এতে ঘর্ষণ কম হয় এবং চুলের আর্দ্রতা নষ্ট হয় না।
*কখনোই ভেজা চুল নিয়ে ঘুমাবেন না। ভেজা চুল খুব দুর্বল থাকে এবং সহজেই ভেঙে যায়।
*রাতে চুল বাঁধতে হলে ধাতুমুক্ত, নরম কাপড়ের স্ক্রাঞ্চি ব্যবহার করুন।
সঠিক নিয়ম মেনে চললে রাতের ঘুমের মধ্যেই চুল থাকবে আরও মজবুত, স্বাস্থ্যকর ও সুন্দর।
সূত্র : আজতক বাংলা

