spot_img

অবশেষে বরখাস্ত ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ

অবশ্যই পরুন

ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচের দায়িত্ব থেকে বরখাস্ত হয়েছেন রুবেন আমোরিম। ক্লাবের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সম্পর্কের অবনতি এবং সাম্প্রতিক সমালোচনাই তার বিদায়ের মূল কারণ বলে জানিয়েছে ইংলিশ সংবাদমাধ্যম। আজ এই সিদ্ধান্ত কার্যকর হয়।

৪০ বছর বয়সী পর্তুগিজ কোচ আমোরিম দায়িত্ব ছাড়লেন মাত্র ১৪ মাসের অস্থির সময় কাটানোর পর। মাঠের ভেতর ও বাইরে—দুই জায়গাতেই ইউনাইটেডের পারফরম্যান্স ছিল হতাশাজনক। তার কোচিং মেয়াদে ক্লাবটি ধারাবাহিকতা খুঁজে পায়নি, যার প্রভাব পড়েছে ফলাফলেও।

পরিসংখ্যান বলছে, ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্বে থাকা ৬৩ ম্যাচের মধ্যে মাত্র ২৪টিতে জয় পেয়েছেন আমোরিম। তার জয়ের হার দাঁড়ায় ৩৮.৭১ শতাংশ। ইউনাইটেডের ইতিহাসে এটি অন্যতম দুর্বল কোচিং রেকর্ড। সবশেষ ১৯৭১ সালে ফ্রাঙ্ক ও’ফ্যারেলের সময় এর চেয়েও খারাপ রেকর্ড দেখা গিয়েছিল, যিনি একইভাবে বরখাস্ত হয়েছিলেন।

ক্লাব সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে বোর্ড ও ক্লাবের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আমোরিমের মতপার্থক্য চরমে পৌঁছায়। বিশেষ করে ক্লাব পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে প্রকাশ্য সমালোচনা সম্পর্ক আরও জটিল করে তোলে। শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যে সম্পর্ক ভেঙে পড়ায় আমোরিম বিদায় দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্লাবের সাবেক মিডফিল্ডার ও বর্তমান টেকনিক্যাল স্টাফ সদস্য ড্যারেন ফ্লেচার। নতুন স্থায়ী কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত তিনি দল পরিচালনা করবেন বলে জানিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

এদিকে জানুয়ারির দলবদল মৌসুমের মাঝপথে কোচ বরখাস্ত হওয়ায় ইউনাইটেডের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বোর্ড এখন দ্রুত সময়ের মধ্যে নতুন কোচ নিয়োগে মনোযোগ দেবে বলে ধারণা করা হচ্ছে।

রোববার প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে ১-১ গোলে ড্র ছিল ইউনাইটেডের হয়ে আমোরিমের শেষ ম্যাচ। ক্লাব সূত্র জানিয়েছে, প্রধান নির্বাহী ওমর বেরাদা এবং ফুটবল পরিচালক জেসন উইলকক্সসহ নেতৃত্ব পর্যায়ের কর্মকর্তারা আমোরিমের সঙ্গে সম্পর্ক ভেঙে পড়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। মাঠের বাইরের এই মতবিরোধই তাকে বিদায় দেওয়ার মূল কারণ বলে ধারণা করা হচ্ছে।

২০২৪ সালের ডিসেম্বরের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়েছিলেন আমোরিম। তার অধীনে দলটি ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়। চলতি মৌসুমে ২০ ম্যাচ শেষে ইউনাইটেড রয়েছে প্রিমিয়ার লিগের ষষ্ঠ স্থানে। যদিও শীর্ষ চারে থাকার লক্ষ্য নিয়ে মৌসুম শুরু করেছিল ক্লাবটি।

অন্তর্বর্তীকালীন কোচ ড্যারেন ফ্লেচার ইউনাইটেডের সাবেক মিডফিল্ডার। বর্তমানে ইউনাইটেডের অনূর্ধ্ব-১৮ দলের কোচ হিসেবে কাজ করছেন। আগামী পরশু বার্নলির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে তাঁর কোচিংয়ে মাঠে নামতে পারে ইউনাইটেড। তবে স্থায়ী কোচ নিয়োগের ক্ষেত্রে ক্লাব গ্রীষ্মকাল পর্যন্ত অপেক্ষা করতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

সর্বশেষ সংবাদ

হরমুজ প্রণালিতে অভিযানে কখনোই অংশ নেবে না ফ্রান্স: ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের মাঝে হরমুজ প্রণালি সচল করার জন্য কোনও...

এই বিভাগের অন্যান্য সংবাদ