spot_img

ছায়ানটে হামলার ঘটনায় মামলা, আসামি তিন শতাধিক

অবশ্যই পরুন

রাজধানীর ধানমন্ডিতে দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট ভবনে হামলা, ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে ঢাকার ধানমন্ডি থানায় মামলাটি করেন প্রতিষ্ঠানটির প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ।

ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, দায়ের করা মামলায় তিন শতাধিক অজ্ঞাতনামা দুষ্কৃতকারীকে আসামি করা হয়েছে। তবে কোন ব্যক্তির নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।

সেদিন দুর্বৃত্তরা ভেতরে ঢুকে সিসি ক্যামেরা, আসবাবপত্র, তবলা, হারমোনিয়াম, বেহালা এবং বিভিন্ন কক্ষে হামলা চালায় ও সেগুলোকে পুড়িয়ে দেয়। তবে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়টি এখনও জানা যায়নি।

ঘটনার পর ছায়ানট পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এ সময় তিনি সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের আইনের আওতায় আনার কথা জানান।

ছায়ানটের দেয়া এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার গভীর রাতে একদল ব্যক্তি জোর করে ছয়তলা ছায়ানট সংস্কৃতি-ভবনে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় ভবনের বিভিন্ন অংশে আগুন দেওয়ারও চেষ্টা করা হয়।

প্রতিষ্ঠানটির সভাপতি সারওয়ার আলী ও সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসার স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, অডিটোরিয়াম ও অফিসসহ ভবনের প্রায় সব কটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার সময় ভবনের সব সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলা হয়।

এতে আরও বলা হয়, ভাঙচুরের ঘটনায় বাদ্যযন্ত্র, কম্পিউটার ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি কিছু বাদ্যযন্ত্র, আসবাবপত্র ও সার্ভারে আগুন দেওয়া হয়। হামলাকারীরা অন্তত সাতটি ল্যাপটপ, কয়েকটি মোবাইল ফোন এবং একাধিক হার্ডডিস্ক লুট করে নিয়ে যায়। ভবনের বিদ্যুৎ সংযোগ ও বৈদ্যুতিক যন্ত্রপাতিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মূলত, গুলিবিদ্ধ হয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাতে দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যালয়ের পাশাপাশি ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি–ভবনে হামলার ঘটনা ঘটে।

সর্বশেষ সংবাদ

খামেনির আঞ্চলিক যুদ্ধের হুমকির পর নমনীয় ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার বলেছেন যে তিনি ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর আশাবাদী, ইরানের সর্বোচ্চ নেতা সাবধান করে...

এই বিভাগের অন্যান্য সংবাদ