রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আরও এক দফা উত্তপ্ত হয়ে উঠেছে। এক রাতেই ইউক্রেনের ১ হাজার ২৪৬টি ড্রোন প্রতিহত ও ধ্বংসের দাবি করেছে মস্কো। রাজধানী মস্কোসহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলকে লক্ষ্য করে চালানো হয়েছে এসব ড্রোন হামলা। অন্যদিকে, ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলেও রুশ হামলায় কিশোরসহ পাঁচজন আহত হয়েছেন। আকাশপথে পাল্টাপাল্টি হামলা, নতুন লেজার প্রযুক্তির ব্যবহার এবং কূটনৈতিক আলোচনায় অগ্রগতির অভাব—সব মিলিয়ে যুদ্ধ পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাতভর দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ১ হাজার ২৪৬টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে। মস্কোসহ একাধিক রুশ অঞ্চলকে লক্ষ্য করে এসব ড্রোন পাঠানো হয়েছিল।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন শনিবার জানান, রাশিয়ার রাজধানী লক্ষ্য করে ৪০০টিরও বেশি ড্রোন নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে ১২৩টি ড্রোন শহর ও আশপাশের এলাকায় প্রতিহত করা হয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে, ব্রিয়ানস্ক অঞ্চলে ড্রোন হামলায় একটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। অঞ্চলটির গভর্নর আলেকজান্ডার বোগোমাজ জানান, ক্লিমোভো গ্রামে একটি বাসে ইউক্রেনীয় ড্রোন আঘাত হানলে অন্তত নয়জন আহত হন।
অন্যদিকে, সামারা অঞ্চলেও রাতভর শিল্প স্থাপনাগুলো লক্ষ্য করে হামলার চেষ্টা চালানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর। তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ড্রোন হামলার খবরের পাশাপাশি ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলেও রুশ হামলা অব্যাহত ছিল।
আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্দর হানজা জানান, শনিবার ভোর পর্যন্ত ওই অঞ্চলের চারটি জেলায় ২০টিরও বেশি ড্রোন হামলা চালানো হয়েছে। এসব হামলায় দিনিপ্রো শহরের পরিবহন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোরসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানান তিনি।
এদিকে, যুদ্ধের ময়দানে নতুন প্রযুক্তির ব্যবহার নিয়েও আলোচনার সৃষ্টি হয়েছে। এর এক দিন আগে ইউক্রেনের রাষ্ট্রসমর্থিত প্রতিরক্ষা প্রযুক্তি সংস্থা ব্রেভ১ (Brave1) দাবি করে, দেশটির তৈরি একটি লেজার অস্ত্র প্রথমবারের মতো রাশিয়ার জেটচালিত ড্রোন ভূপাতিত করেছে।
সংস্থাটির ভাষ্য অনুযায়ী, কারমাইন স্কাই নামের ইউক্রেনীয় একটি কোম্পানির তৈরি লেজার প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে একটি বেসরকারি আকাশ প্রতিরক্ষা দল রাশিয়ার ‘গেরান’ জেট ড্রোনটি প্রতিহত করে।
এই দাবি সত্য হলে যুদ্ধক্ষেত্রে ড্রোন প্রতিরোধে লেজার প্রযুক্তির ব্যবহার নতুন মাত্রা যোগ করতে পারে।
এদিকে, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কূটনৈতিক তৎপরতা চললেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি।
চলতি মাসের শুরুতে আবুধাবিতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে সর্বশেষ ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। তবে শান্তিচুক্তির বিষয়ে আলোচনায় অগ্রগতি ছিল সীমিত।
২০২২ সালে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এরই মধ্যে দীর্ঘস্থায়ী সংঘাতে রূপ নিয়েছে। পশ্চিমা দেশগুলোর রাজনৈতিক ও সামরিক সমর্থন ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে ভূমিকা রেখেছে। অন্যদিকে, মস্কো তার নিরাপত্তা ও ভূরাজনৈতিক স্বার্থের বিষয়টি সামনে রেখে সামরিক অভিযান অব্যাহত রেখেছে।
সব মিলিয়ে, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার তীব্রতা, নতুন সামরিক প্রযুক্তির ব্যবহার এবং শান্তি আলোচনায় অচলাবস্থা—কোনো কিছুতেই আপাতত যুদ্ধের অবসানের স্পষ্ট ইঙ্গিত মিলছে না। প্রেস টিভি

